চিঠি এলেও নির্বাচন যথাসময়েই হবেঃ পরিকল্পনামন্ত্রী

ওয়ান নিউজ ডেক্সঃ সংলাপ নিয়ে বিভিন্ন জায়গা থেকে চিঠি এলেও নির্বাচন যথাসময়েই হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সংলাপ নিয়ে সব চিঠির জবাব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন প্রক্রিয়ায় স্বস্তিবোধ করে না, তাই তারা নির্বাচনে আসতে চায় না, এটা নতুন কিছু নয়। তারা শেখ হাসিনার নেতৃত্বে বৈধ সরকারকে সরিয়ে অন্য পথে ক্ষমতায় আসতে চায়। তাই তফসিল প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

ঘোষিত তফসিলকে জনগণ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে— বিএনপি নেতাদের এমন মন্তব্যের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এতদূর যাওয়ার দরকার নেই। বুড়িগঙ্গাই তো কাছে আছে। কাগজ ভাসাবার জন্য বঙ্গোপসাগর লাগে না। একটুকরো কাগজ পুকুরেও ফেলা যায়। এগুলো কথার কথা।

পরে উপজেলার পাগলাবাজারে নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে অংশ নেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত শাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ আরও অনেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.