ওয়ান নিউজঃ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নির্বাচনী সহিংসতায় আখতারুজ্জামান পুতু (৩৫) নামের একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি খুরুশকুল ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় এলাকায় এই ঘটনা ঘটে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ বেশ কয়েকজন আহত হন। সেখান থেকে হাসপাতালে নেয়ার পথে আহত আখতারুজ্জামান পুতু মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে জোরপূর্বক অবৈধ সীল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাঁধা দিলে বাকবিতন্ডে এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।
এ সময় দায়ের কুপে এবং গুলিবিদ্ধ হয় আখতারুজ্জামান। আহত অবস্থায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। চট্টগ্রাম নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.