# সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধ
# মামলা প্রত্যাহারের দাবিতে আল্টিমেটাম
# এমপি কমল ও জাফরের বিরুদ্ধে শ্লোগান
# ৩ ঘন্টা বন্ধ যান চলাচল
ইমাম খাইর:
জেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি মুনাফ সিকদার (৩২) গুলিবিদ্ধের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আহতের ভাই মো. শাহজাহান সিকদার বাদী হয়ে রোববার (৩১ অক্টোবর) বিকেলে সদর থানায় মামলাটি করেন।
মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে আসামি করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভাই শাহজাহান সিকদার। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলার খবরে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে কর্মী-সমর্থকরা। সন্ধ্যা ৬টা থেকে রাত প্রায় সাড়ে ৯টা পর্যন্ত হোটেল মোটেল জোনে যান চলাচল বন্ধ ছিল। কলাতলী থেকে রুমালিয়ারছরা পর্যন্ত অন্তত ৩০টি পয়েন্টে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করে ক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় বিক্ষিপ্ত মিছিল, সমাবেশও হয়েছে।
পৌরভবনের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করে পৌরপরিষদ, কর্মকর্তা, কর্মচারীরা। সেখান প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির বলেন, প্রতিহিংসা ও ষড়যন্ত্রের মামলা আমরা প্রত্যাখ্যান করলাম। কাদের ইন্ধনে মামলাটি হয়েছে তা আমাদের কাছে স্পষ্ট। মামলা দিয়ে মেয়র মুজিবের জনপ্রিয়তা ও অগ্রযাত্রা থামানো যাবে না। এই মামলায় আমরা আরো শক্তিমান হয়েছি।
তাৎক্ষণিক পৌর ভবনের সামনে রাত ৮টার দিকে বিক্ষোভ সমাবেশ করেছে কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীরা।
সেখানে প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির বলেন, মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অনতিবিলম্বে প্রত্যাহার না করলে পৌরসভার নাগরিক সেবা বন্ধ হতে পারে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এদিকে, মামলার প্রতিবাদে শহরের ঝাউতলা এলাকায় শ্রমিক লীগ নেতা শাহেদুল ইসলাম রানার নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। এ সময় মামলার ‘ইন্ধনদাতা’ হিসেবে এমপি সাইমুম সরওয়ার কমল, এমপি জাফর আলমকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শ্লোগান দেয় বিক্ষোভকারীরা।
শহরজুড়ে ব্যাপক তান্ডব চললেও ক্ষোভের মুখোমুখি হয়নি পুলিশ। প্রায় শান্ত পরিস্থিতিতে মাঠে নামতে দেখা যায় পুলিশকে। রবিবার রাত ৯টার দিকে শহরের ভোলাবাবুর পেট্রোল পাম্পের সামনে পানি ঢেলে পুলিশ সদস্যদের জ¦লন্ত টায়ার নেভাতে দেখা যায়। এ সময় ওসি শেখ মুনীর উল গিয়াস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে মুনাফ সিকদারসহ দুইজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর ভিডিও বার্তায় মেয়র মুজিবুর রহমানের নির্দেশে গুলি করা হয় বলে দাবি করেন মুনাফ সিকদার।
মুনাফ সিকদার শহরের পেশকারপাড়ার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.