সাংবাদিককে কুপিয়ে জখম, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে তর্ক-বিতর্কের জেরে সোহেল রানা ডালিম (৩৬) নামের স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর আরেক দফা হামলা চালানো হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের ইমার্জেন্সি সড়কে ও দ্বিতীয় দফায় সদর হাসপাতালের জরুরি বিভাগে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদকে আটক করেছে পুলিশ।

আহত সোহেল রানা ডালিম ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার আবদুল করিমের ছেলে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু আহমেদ নামে এক যুবককে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে দৈনিক সময়ের সমীকরণ অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন ডালিম। ইমার্জেন্সি রোডের আবদুল্লাহ সিটি কমপ্লেক্সের সামনে পৌঁছনোর পর তার মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। ওই মোটরসাইকেলে ছিলেন জেলা ছাত্রলীগ নেতা রাজু আহমেদ ও দুই কর্মী। ধাক্কার ঘটনায় তর্ক-বিতর্কের এক পর্যায়ে ডালিমকে ক্ষুর দিয়ে উপর্যুপরি আঘাতে জখম করা হয়। তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ সময় দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। তখনও ধারালো অস্ত্র দিয়ে ডালিমকে আঘাত করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. শাকিল আর সালান বলেন, সাংবাদিক ডালিমের পিঠ, হাত, পেট ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.