নিখোঁজ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চীনা শ্রমিক

ডেস্ক নিউজ
চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে জি কুইনজেন নামে একজন চীনা শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার (১১ আগস্ট) দুপুর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ জি কুইনজেন পাইপ বসানোর কাজে নিয়োজিত মাউমিং কোম্পানির উপ-ঠিকাদার সিপিপি কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ আগস্ট) দুপুরের খাবার বিরতিতে ওই শ্রমিককে দেখতে না পেয়ে এক নিরাপত্তা কর্মী তাদের ইনচার্জকে জানায়। পরে তিনি দুপুর ২টার দিকে পুলিশ ক্যাম্পে জানালে পুলিশকে সঙ্গে নিয়ে অন্যান্য চীনা শ্রমিকরা তাকে খুঁজতে শুরু করে। তাকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। বাঁশখালী সদর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার প্ল্যান্ট নামে এই বিদ্যুৎ-কেন্দ্র নির্মিত হচ্ছে। এখানে প্রায় ৬ হাজার শ্রমিক কাজ করছেন।

শ্রমিক নিখোঁজ সম্পর্কে এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ বলেন, দুপুর ১টার পর থেকে জি কুইনজেনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজে বের করতে অভিযান চলছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, এখন পর্যন্ত একজন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে একজন নিরাপত্তারক্ষী তাকে সাগরে মাছ ধরতে দেখেছেন। আগেও নাকি তিনি শখ করে সাগরে মাছ ধরেছেন।

তিনি আরও বলেন, সর্বশেষ তাকে সাগরে মাছ ধরতে দেখা গেছে। দুপুরে খাবারের সময় তার সন্ধান পাওয়া যায়নি। আমরা খোঁজ করছি। -আরটিভি নিউজ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.