ডেস্ক নিউজ:
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। ২০ ধাপ এগিয়ে বোলিং র্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমানও।
বুধবার (১১ আগস্ট) দুপুরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ১১৪ রান ও বল হাতে ৭ উইকেট নিয়ে সিরিজসেরা নির্বাচিত হন সাকিব। আর তাতেই শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করার আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ২৫২। ৫ ম্যাচে ব্যাট-বলে দারুন পারফরম্যান্স করে অর্জন করেছেন ৩৪ পয়েন্ট। সবমিলিয়ে ২৮৬ পয়েন্ট নিয়ে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলেছেন। দ্বিতীয় স্থানে থাকা নবীর পয়েন্ট ২৮৫।
শুধু অলরাউন্ডারই নয়, বোলারদের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেট নিয়ে সাত ধাপ এগিয়ে সাকিবের অবস্থান এখন ১২ নম্বরে। এখানে শীর্ষে আছেন প্রোটিয়া বোলার তাবরাইজ শামসি।
এদিকে অস্ট্রেলিয়া সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন মোস্তাফিজ। ৫ ম্যাচে ৩.৫২ ইকোনোমিতে ৭ উইকেট নিয়েছেন তিনি। ১৭ ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র ৬০ রান। এর মধ্যে ৫৮ বলই ছিল ডট। ফলে অস্ট্রেলিয়া সিরিজে ভালো করার পুরস্কারও পেলেন র্যাংকিংয়ে। ২০ ধাপ উন্নতি করে বাঁহাতি পেসারের অবস্থান এখন দশ নম্বরে।
বড় লাফ দিয়েছেন সাইফউদ্দিনও। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটিই খেলার সুযোগ পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তিন উইকেট নিয়ে ৬৯তম স্থান থেকে ৪৩ তম স্থানে উঠে গেছেন তিনি।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ২৯তম স্থান নিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরে আছে নাঈম শেখ। মাহমুদউল্লাহর অবস্থান ৩৩ নম্বরে। ব্যাটিংয়ে শীর্ষে আছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.