মো. রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ঈদের ছুটি মধ্যে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে বেনাপোলে অক্সিজেন ঢুকেছে।
বুধবার (২১ জুলাই) বিকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে ১৭৯ মেট্রিক ৫০০ কেজি অক্সিজেন। দেশে চিকিৎসা খাতে অক্সিজেন চাহিদা বাড়ায় বাংলাদেশের তিনজন আমদানিকারক ৯টি ট্যাংকারে এ অক্সিজেন আমদানি করেন।
আমদানিকারকরা হলেন, বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন। আমদানিকারকের পক্ষে বন্দর থেকে অক্সিজেন ছাড় করান সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল লিমিটেড। এর আগে সরকারি এক নির্দেশনায় ঈদের ছুটির মধ্যে প্রয়োজন হলে অক্সিজেন আমদানির ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বন্দরে।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র জানান, অক্সিজেনবাহী ট্যাংক বেনাপোল বন্দরে পৌঁছানো মাত্র দ্রæত কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে খালাস দেওয়া হয়েছে। ঈদের ছুটির মধ্যে অক্সিজেনসহ জরুরি সামগ্রী আমদানিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতায় কাস্টমস সব সময় প্রস্তুত রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তাজিন জানান, বাংলাদেশ এবং ভারত অংশে বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগীতায় ঈদের দিন অক্সিজেন আমদানি সম্ভব হয়েছে।
বেনাপোল স্থল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ই বলেন, মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৪ দিনের ঈদের ছুটি। তবে দেশে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল জরুরি অক্সিজেন আমদানির জন্য বন্দর খোলা রাখার। অক্সিজেনের চালান গ্রহণের জন্য ছুটির মধ্যেও বন্দর ২৪ ঘণ্টা খোলা রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.