ডেস্ক নিউজ:
করোনাকালে পর্যটন খাত গত বছর অনেকটা সময় বন্ধ ছিল। তবে বিধিনিষেধ-পরবর্তী যেটুকু সময় মিলেছে তাতে ব্যবসায় চমক দেখিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের কোম্পানি সি-পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। যেটুকু সময় পর্যটন কেন্দ্রগুলো খোলা ছিল, সেসময় বেশ ভালো আয় করে কোম্পানিটি।
সি-পার্লের ২০২০-২১ অর্থবছরের নয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ২০ পয়সা হয়েছে বলে তাদের আর্থিক প্রতিবেদনে জানানো হয়। অল্প সময়ে ভালো আয় করায় কোম্পানিটির প্রতি আস্থা ও শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।
করোনাকালে বেশ কিছুদিন পর্যটন কেন্দ্র বন্ধ থাকার পরেও কোম্পানিটির ব্যবসা এত ভালো হলো কীভাবে? জানতে চাইলে কোম্পানিটির সচিব আজহারুল মামুন ঢাকা টাইমসকে বলেন, ‘প্রথম বিধিনিষেধের পরে সরকার যখন পর্যটন কেন্দ্রগুলো খুলে দিল, সে সময় বাংলাদেশের পর্যটন খাতে সবচেয়ে বেশি ব্যবসা কক্সবাজারে হয়েছে। আর সি-পার্লের ব্যবসা যেহেতু কক্সবাজারকেন্দ্রিক তাই সে সময় কোম্পানিটি কক্সবাজার পর্যটনকেন্দ্র থেকে ভালো ব্যবসা করে।’
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) টার্নওভার ছিল ৬৩ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকা। আলোচ্য সময়ে তাদের মুনাফা হয় ১৪ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা। তাতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ১.২০ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ১১.২১ টাকা।
করোনার কারণে ঠিকভাবে ব্যবসা করতে না পারলেও ২০২০ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত এই কোম্পানি বিনিয়োগকারীদের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশও দিয়েছিল। সে সময় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৯ পয়সা। এ বছর এখন পর্যন্ত কোম্পানিটি শেয়ারপ্রতি আয় ১.২০ টাকা। এবার কোম্পানিটি ভালো লভ্যাংশ দেবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। এরই প্রতিফলন কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি।
বিধিনিষেধ শেষে পর্যটনকেন্দ্র স্বাভাবিক নিয়মে চললে কোম্পানিটি ব্যবসায় আরও ভালো করবে এবং বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিতে পারবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মনে করছেন করোনার প্রভাব কিছুটা কমলে বা টিকা দেওয়া শুরু হলেই খুলে দেওয়া হতে পারে পর্যটন খাত। তখন কোম্পানিটি ভালো করবে। সে আশাতেই তারা এই কোম্পানির শেয়ারে বিনিয়োগ বাড়াচ্ছেন।
২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর দেশের পুঁজিবাজারে এর পভাব পড়ে। তখন থেকে পর্যটন খাতের এই কোম্পানির শেয়ারের দর ক্রমাগত কমতে থাকে। বিএসইসির বেঁধে দেয়া ফ্লোর প্রাইসের কারণে কোম্পানিটির শেয়ার একটি নির্দিষ্ট স্থানে আটকে ছিল। ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পর কোম্পানিটির শেয়ারের দর আরও কমে যায়।
গত বছর কোম্পানিটির শেয়ারদর ছিল ৮১.৮০ টাকা, যা বর্তমানে কমে অবস্থান করছে ৪১.৫০ টাকায়। অর্থাৎ করোনার কারণে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪০ টাকার বেশি। বিনিয়োগকারীরা মনে করছেন, কোম্পানিটির শেয়ারদর এর চেয়ে আর বেশি কমার সম্ভাবনা খুব কম। আর যেহেতু কোম্পানিটির লভ্যাংশ ঘোষণার সময় এসেছে, তাই বছরের সর্বনিম্ন দামে কোম্পানিটির শেয়ার কেনায় আগ্রহ বেড়েছে।
শাহরিয়ার আলম নামের প্রাতিষ্ঠানিক একজন বিনিয়োগকারী ঢাকা টাইমসকে বলেন, ‘সি-পার্ল নিঃসন্দেহে একটি ভালো কোম্পানি। করোনায় পর্যটন খাতে ধস নামায় এর প্রভাব কোম্পানিটির ওপরেও পড়েছে। তবে কিছুদিন পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় কোম্পানিটি এই অল্প সময়ে ভালো ব্যবসা করেছে। কোম্পানিটির গ্রোথ ভালো। কোম্পানিটি বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দেবে বলে আশা করছি।’
ভালো রিটার্ন দেয় এমন কোম্পানিতে বিনিয়োগ করলে সেখান থেকে ভালো কিছু আশা করা যায়। সি-পার্লে সাময়িক সমস্যা হলেও কোম্পানিটির ভালো করার সম্ভাবনা অনেক বেশি। তাই কোম্পানিটিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করছেন বলে জানান শাহরিয়ার আলম।
কোম্পানির প্রোফাইল থেকে জানা যায়, ২০২১ সালে এপ্রিল শেষে সি-পার্লের মালিকানায় সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল ২৩.৫৬ শতাংশ। চলতি বছরের মে শেষে তা গিয়ে দাঁড়ায় ২৩.৫৮ শতাংশে। স্পন্সরদের মালিকানায় রয়েছে কোম্পানিটির ৪৬.৮৩ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৯.৫৯ শতাংশ শেয়ার। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ১২ কোটি ৭ লাখ ৫০ হাজার।
২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের এই কোম্পানির পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৫ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণ না থাকলেও রয়েছে স্বল্পমেয়াদি ঋণ। স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ পাঁচ কোটি ১১ লাখ টাকা।
কোম্পানিটি আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যে এক কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছাড়ে। আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলন করে ১৫ কোটি টাকা। এই টাকা কোম্পানিটি রিসোর্টের বিভিন্ন কক্ষের ইনটেরিয়র, ফিনিশিং ও আসবাবপত্র ক্রয়, জমি ক্রয় এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করে। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.