এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর তিন পয়েন্টের ভাঙন ও নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন জরুরি পানি উন্নয়ন বোর্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ জাফর আলম।
বৃহস্পতিবার (১৫ জুলাই) উপজেলার কোনাখালীস্থ মাতামুহুরী নদীর কাইদ্দ্যারদিয়া অংশের ১৫০ মিটার জরুরি ডাম্পিংকৃত বালুভর্তি জিও ব্যাগের কাজ পরিদর্শন করেন।
জানাগেছে, প্রতিবছর বর্ষা মৌসুমে উপজেলার উপকূলীয় কোনাখালী ইউনিয়নের তিনটি পয়েন্টে মাতামুহুরী নদীর ভাঙ্গন সৃষ্টি হয়। এসব ভাঙ্গন ঠেকাতে ও কোনাখালীসহ আশপাশের লক্ষাধিক জনগোষ্ঠী এবং তাদের বসতবাড়িসহ শত শত একর ফসলী জমি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড নদীর তীর সংরক্ষণ বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। এবারের বর্ষা মৌসুম শুরু হলে ব্যাপক ভাঙনের কবলে পড়ে কোনাখালী তিন নম্বর ওয়ার্ডের কাইদ্দ্যাররদিয়া পয়েন্ট। এতে বড় ধরণের হুমকিতে পড়েছে বাঘগুজারা-কোনাখালী-বদরখালী সড়ক। বর্তমানে প্রায় ১৫০ মিটার পর্যন্ত সড়কের অংশ নদীগর্ভে তলিয়ে যায়। এই পরিস্থিতিতে চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলমের ডিও লেটারে পানি উন্নয়ন বোর্ড ওই পয়েন্টসহ তিন পয়েন্টে জরুরী ভিত্তিতে কাজ শুরু করে। বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের চলমান জরুরি ভিত্তিতে প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এমপি জাফর আলম।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, মাতামুহুরী নদীর ভাঙ্গনের কবল থেকে বাঘগুজারা-কোনাখালী-বদরখালী সড়ক রক্ষায় এবং কোনাখালী ইউনিয়নের জনগোষ্ঠীকে বাঁচাতে নদীর পয়েন্ট কাইদ্দ্যারদিয়া পয়েন্টে ১৫০ মিটার, কন্যারকুম পয়েন্টে ২০০ মিটার ও মরংঘোনা (পরিষদ) পয়েন্টে ১৬০ মিটার এলাকাসহ মোট সাতটি প্যাকেজে ৩২০৩৯টি বালুভর্তি জিও ব্যাগ স্থাপন কাজ সম্পন্ন করা হয়েছে। ৫১০ মিটারে জরুরী ভিত্তির এ কাজের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৪২ দশমিক ১৪ লক্ষ টাকা।
সূত্র জানায়, জরুরি ভিত্তিতে পাউবো’র প্রকল্পের কাজগুলো হাকিম এন্ড ব্রাদার্স, মেসার্স মোক্তার আহমদ, মেসার্স এন এস নিশা ইন্টারন্যাশনাল, মেসার্স আয়েশা কনষ্ট্রাকশন নামক ঠিকাদারী প্রতিষ্ঠান সাত প্যাকেজে সিডিউল অনুপাতে বাস্তবায়ন করছে। চলমান কাজ শেষ হলে এতে বর্ষা মৌসুমে নদীর তীব্র ভাঙন থেকে নদীর তীর, সড়ক এবং লোকালয় রক্ষা পাবে। পাউবো’র
চলমান এসব কাজ তদারকি করছেন শাখা কর্মকর্তা (এসও) জামাল মোর্শেদ।
তিনি বলেন, যতদ্রুত সম্ভব কাজ গুলো যথা সময়ে বাস্তবায়নে জন্য চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে বরাদ্দের বিপরীতে জিও ব্যাগে বালু ভর্তি করে নদীতে ডাম্পিং ও প্লেসিং করা হয়। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু করা চলমান কাজ আগামী আগস্ট মাসের মধ্যে শেষ করা হবে বলে তিনি জানান।
নদীর ভাঙন রক্ষায় সাত প্যাকেজের বাস্তবায়িত জরুরী কাজ সরেজমিন পরিদর্শনকালে এমপি জাফর আলম স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে আশ্বাস দেন, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত এই জরুরীভিত্তিক কাজের পাশাপাশি আগামীতে আরো প্রয়োজনীয় অর্থবরাদ্দ দিয়ে এই কাজকে আরো টেকসই উন্নয়ন করা হবে। যাতে বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে কোনাখালীর লোকজন রক্ষা পায়। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিকদল ব্যক্তিবর্গ, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
| |
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.