পেকুয়ায় সিএনজি গ্যারেজে সিলিন্ডার বিস্ফোরণ : গ্যারেজ মেস্ত্রীসহ আহত-৮

এম.মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের পেকুয়া বাজারে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে গাড়ির মালিক ও গ্যারেজ মিস্ত্রীসহ ৮জন আহত হয়েছে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শুক্রবার (২জুলাই) দুপুর ১২ টার দিকে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারে
এ দূর্ঘটনা ঘটে।

সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন, সিএনজি গাড়ির মালিক সদর ইউপির ভোলাইয়্যাঘোনা এলাকার আবুল কালামের ছেলে জয়নাল আবদীন (৩২), রাজাখালী ইউপির বামুলা পাড়া এলাকার আলী হোসেনের ছেলে গ্যারেজ মিস্ত্রী রুহুল আমিন (৪৫), গোঁয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে মোঃ শামিম (১৬), তারেক জিয়া (১৪), জামাল হোসেনের ছেলে মোঃ তামিম (১৩), জোনাইদের ছেলে তাওহিদুল ইসলাম (১৫) ও উখিয়া বালুখালী এলাকার হোসেন আহমদের ছেলে আবু ছৈয়দ (২৮)।

স্থানীয় সূত্রে জানাগেছে, রুহুল আমিনের একটি সিএনজি গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজে জয়নাল নামে এক ব্যক্তি তার সিএনজি মেরামত করতে নিয়ে আসে। গ্যারেজ মিস্ত্রী সিএনজি মেরামত করার সময় অসাবধান বশত গাড়ির সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। এতে গ্যারেজে থাকা ও পাশ্বোক্ত কয়েকজন ব্যক্তি বিস্ফোরণে আহত হয়। গ্যারেজে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে আহতেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন।

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ মোজাম্মেল চৌধুরী বলেন, সিলিন্ডার বিস্ফোরণে আহতদের ৩০ থেকে ৪০ ভাগ শরীরের অংশ পুড়ে গেছে। তবে সবাই আশঙ্কামুক্ত। চিকিৎসা নিলে সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, ঘটনার বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.