জুনে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৩৫২ মৃত্যু

সংবাদদাতা:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৫২ জনের মৃত্যু হলো।

গত ২৯ জুন সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছিল হাসপাতালটিতে।

রাজশাহী মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন পাঁচজন। বাকি সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। করোনা পজিটিভ পাঁচজনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর একজন করে বাসিন্দা ছিলেন। উপসর্গ নিয়ে রাজশাহীর আরও পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নাটোরের একজন মারা গেছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৬০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.