মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার নির্বাচন ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে হওয়ার নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনের। কিন্ত প্রচারণা না থাকায় ইভিএম সম্পর্কে ধারণা নেই ভোটারদের মাঝে। এতে ভোটারদের মধ্যে এক ধরনের সংশয় ও ভীতি রয়েছে।
নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে প্রচার- প্রচারণা চালালেও ইভিএমের মাধ্যমে ভোট প্রদানের বিষয়ে কোনধরনের প্রচারণায় আগ্রহ নেই তাদের।
চকরিয়া পৌরসভার কয়েকজন সচেতন ভোটার বলেন, ইভিএম সম্পর্কে ভোটারদের সচেতন করতে হবে। বিশেষ করে বৃদ্ধ ও নারী ভোটারদের এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া দরকার। অন্যথায় ভোট প্রদানের ক্ষেত্রে জটিলতা তৈরী হবে।
এদিকে উপজেলা নির্বাচন অফিস ইভিএেেমর মাধ্যমে ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও সরকারী কর্মকর্তাদের কারিগরী সহায়তার তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। কিন্তু ভোটারদের ইভিএম সম্পর্কে ধারনার ব্যাপারে কোন দিক নির্দেশনা না থাকায় বিপাকে প্রার্থী ও ভোটাররা।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষনের আওতায় আনা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন অনুষ্টানের দুইদিন আগে ভোট কেন্দ্রে গিয়ে ইভিএমএর মাধ্যমে ভোট প্রদানের বিষয়ে ভোটারদের ধারণা দেয়া হবে। আর এতে সহযোগীতা করবেন প্রার্থীরা।
চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে ৪ প্রার্থী হলেন, আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে বর্তমান মেয়র আলমগীর চৌধুরী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে মনোয়ার আলম, সাবেক ছাত্র নেতা এডভোকেট ফয়সাল সিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক কাউন্সিলর জিয়াবুল হক।
উল্লেখ্য, আগামী ২১ জুন কক্সবাজার জেলায় প্রথমবারের মতো চকরিয়া পৌরসভার নির্বাচন ইভিএম এর মাধ্যমে অনুষ্টিত হবে। ##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.