নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, লকডাউনের নামে সরকার বিরোধীদল দমনে ক্র্যাকডাউনে নেমেছে।
তিনি বলেন, ‘এই লকডাউনকে কেন্দ্র করে তারা (সরকার) একটা ক্র্যাকডাউনে নেমেছে। ক্র্যাকডাউনে নেমে তারা আমাদের দলের নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতাকর্মী, অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করছে, হয়রানি করছে, মিথ্যা মামলা দিচ্ছে।’
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব অভিযোগ করেছেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা আহ্বান জানাচ্ছি, অবিলম্বে আমাদের নেতাকর্মীদের মুক্তি দিন এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করুন। দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন, গণতান্ত্রিক স্পেস তৈরি করুন।’
তার মন্তব্য, ‘অন্যথায় এর খেসারত আপনাদের অবশ্যই দিতে হবে। এর দায়-দায়িত্ব আপনাদের বহন করতে হবে।’
তিনি বলেন, আমাদের জানামতে সারাদেশে এ পর্যন্ত ১৭৯ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৮১ জনকে। গ্রেফতারের পর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন একজন। আমরা এ সকল মিথ্যা মামলা প্রদান এবং অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় তিনি আরো বলেন, এই সংবাদ সম্মেলন থেকে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবী করছি। অন্যথায় এই ফ্যাসিস্ট সরকারকে এর কড়া মূল্য দিতে হবে।
সংবাদ সম্মেলনে শুরুর দিকে বিএনপি মহাসচিব বলেন, কোভিড-১৯ এর আক্রমণে ইতিমধ্যে দেশের অনেক বরেন্য ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং অনেকে আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন রয়েছেন। আমরা মৃত্যুবরণকারীর সকলের রুহের মাগফেরাত কামনা করছি এবং অসুস্থদের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এ সময় তিনি আরো বলেন, আপনারা জানেন আমাদের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত। তবে তার মারাত্মক কোন উপসর্গ দেখা যায়নি। আমরা আশাকরি দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.