করোনা কেড়ে নিল চট্টগ্রামের ৯ প্রাণ

ডেস্ক নিউজ:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড সংখ্যক নয় জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ৪২৩ জনে। একই সময়ে ১ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করে ২২৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় থেকে রবিবার (১১ এপ্রিল) সকালে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮০৯টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৩৪টি নমুনা পরীক্ষায় ১০ এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা ধরা পড়ে।

বেসরকারি হাসপাতাল শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪০৬টি নমুনার মধ্যে ৭৯ জনের দেহে করোনা পাওয়া যায়।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ২৭ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১২টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তবে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টার নতুন আক্রান্ত ২২৮ জনের মধ্যে নগরের ২০৪ জন এবং উপজেলার বাসিন্দা ২৪ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৩১৯ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.