রমজানে অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা

ওয়ান নিউজঃ পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময় বিবেচনা করে এবং রোজাদারদের অফিসে আসার সুবিধার্থে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।। তবে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

সোমবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।’

ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সকল কোর্টের সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.