নৈরাজ্যের অপচেষ্টায় বিএনপির ইন্ধন ছিল: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সাম্প্রতিক নৈরাজ্যের ঘটনায় বিএনপি নেতাদের ইন্ধন ছিল। অপরাধীদের আড়াল করার অপচেষ্টার অপরাধেও বিএনপি অপরাধী।’ শনিবার (৩ এপ্রিল) রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা নৈরাজ্যকারীদের সঙ্গে যুক্ত হয়ে এক অপরাধ করেছেন, আবার এখন সেই অপরাধীদের আড়াল করার অপচেষ্টা করে আরেকটা অপরাধ করছেন। এই দুই অপরাধেই বিএনপি অপরাধী।’

বিএনপির দায়িত্বহীন রাজনীতি এবং অপরাধীদের লালন-পোষণের কারণেই এই সব অপশক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পায় বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিরোধীদলেরও দেশের প্রতি দায়িত্ব আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অনুরোধ জানাবো, কোনও ভুল দেখলে গঠনমূলক সমালোচনা করুন, কিন্তু দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনের মতো কথা বলবেন না।’

‘সরকার সমর্থিত লোকেরাই সাম্প্রতিককালে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে ও নিপুণ রায়ের ফোনালাপ সরকারের বানানো’ শীর্ষক বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নৈরজ্যের ঘটনাগুলো কারা ঘটিয়েছে, তা পত্রপত্রিকাসহ সব গণমাধ্যমে আছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত হেফাজতে ইসলামের বর্তমান নেতৃত্বের ব্যানারে এই সব ঘটানো হয়েছে। আর এদের মদদ দিয়েছে বিএনপি ও জামায়াত। যার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে বিএনপি’র নিপুণ রায়ের ফোনালাপ।’ আর নিপুণ রায়ের ফোনালাপ দিবালোকের মতো স্পষ্ট, এটিকে বানানো বলা মির্জা ফখরুল সাহেবের বানোয়াট কথাবার্তারই পুনরাবৃত্তি মাত্র।
‘ওস্তাদ আলাউদ্দীন খাঁর বাড়িতে হামলা; ধর্মপ্রাণ সাধারণ মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া; মানুষের দলিল যেখানে সংরক্ষিত থাকে, সেই ভূমি অফিসে আগুন দিয়ে দলিল-দস্তাবেজ পুড়িয়ে দেওয়া; নারায়ণগঞ্জে একজন সাংবাদিক তার নাম সৌরভ বলার পর তাকে কলেমা পড়তে বলা; আরেক জায়গায় একজনের লুঙ্গি খুলে ধর্মপরিচয় জানার অপচেষ্টাসহ তারা যেগুলো করেছে। একাত্তরে পাক হানাদার বাহিনী সেগুলো করতো।’—যুক্ত করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সবাই পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হবে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.