নারায়ণগঞ্জে হেফাজতের নাশকতার ৬ মামলায় আসামি আড়াই হাজার

ডেস্ক নিউজ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের গত রোববার হরতালকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় ছয়টি মামলা হয়েছে। পুলিশ ও র‌্যাব বাদী হয়ে এসব মামলায় ১২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত প্রায় আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে।

গতকাল সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে পাঁচটি এবং ব়্যাব বাদী হয়ে একটি মামলা করে। প্রত্যেক মামলায় ২৫ থেকে ৩০ জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মামলাগুলো নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছে। অপর একটি মামলা সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের ওপর হামলা ও আহত করার অভিযোগে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গত রোববার হেফাজতের ডাকা হরতাল চলাকালে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত হরতাল সমর্থকরা দখলে নিয়ে তাণ্ডব চালায়। ঢাকা-চট্টগ্রাম মহসড়কে প্রায় ১৮টি যানবাহনে আগুন ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে ৷ দফায় দফায় বিজিবি-পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ-সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.