বঙ্গবন্ধুকে ঘিরে ‘বাংলার মাটি, আমার মাটি’

ডেস্ক নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ শীর্ষক মূল প্রতিপাদ্যের ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ষষ্ঠ দিনের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘বাংলার মাটি আমার মাটি’। পুরোটা জুড়ে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোমবার (২২ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি।

বাঁ থেকে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথম পর্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই পর্ব সঞ্চালনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকাল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত চলে আলোচনা অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ৩০ মিনিটের বিরতির পর দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বাংলাদেশ শিলপকলা একাডেমির শত শিল্পীর অংশগ্রহণে যন্ত্রসংগীত পরিবেশন করা হয়। এটি পরিচালনা করেন সংগীত শিল্পী মানাম আহমেদ। বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বন্ধু রাষ্ট্র নেপালের শিল্পীরা পরিবেশনা করেন সংগীত। ‘হাজার বছর ধরে’ শীর্ষক (নৃত্যালেখ্য: কবিতা, গান ও নৃত্য), বাংলার ষড়ঋতু (৬০ জন শিল্পীর নৃত্য পরিবেশনা), ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গানের মেডলি, সেই থেকে শুরু দিন বদলের পালা (কোরিওগ্রাফি), ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা ‘বাংলার বর্ণিল সংস্কৃতি’, যাত্রাপালা ‘মা মাটি মানুষ’, শত বাউলের গানের মেডলি ও নৃত্যালেখ্য— ‘সবার উপরে মানুষ সত্য’ এবং বঙ্গবন্ধুর প্রিয় গান ও বঙ্গবন্ধুকে নিবেদিত গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান পরিচালিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.