রোহিঙ্গা ডাকাত পুতিয়া বাহিনীর দুই সদস্য আটক

সংবাদদাতা:
টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে সন্দেহভাজন দুই রোহিঙ্গা অপহরণকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

তারা হলেন টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের নুরুল ইসলাম (২২) ও একই ক্যাম্প মোহাম্মদ জোবায়ের (২৫)। সোমবার (৮ মার্চ) দুপুরে টেকনাফের হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

এপিবিএন এর দাবি, দুই অপহরণকারী রোহিঙ্গা ডাকাত পুতিয়ার দলের সক্রিয় সদস্য।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের সামন থেকে স্থানীয় বাংলাদেশি নাগরিক সাইফুলকে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। এসময় দুর্বৃত্তরা সাইফুলকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা শেষে ওইদিনই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, তারই সূত্র ধরেই সোমবার দুপুরে উদ্ধার হওয়া ব্যক্তিকে সঙ্গে নিয়ে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এতে উদ্ধার ব্যক্তির শনাক্ত মতে দুই অপহরণকারীকে নিজেদের বসত ঘর থেকে গ্রেফতার করা হয়।

অপহরণসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় এপিবিএন এর কর্মকর্তা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.