স্বাস্থ্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা, ওসি প্রত্যাহার

ওয়ান নিউজ ডেক্সঃ স্বাস্থ্য সচিব আবদুল মান্নানকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। কটিয়াদী ডিগ্রি কলেজের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় এ ঘোষণা দেয়া হয়। স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলার ঘটনায় নেতাকর্মীদের নামে মামলায় দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ।

এদিকে, স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলার ঘটনায় কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলকে প্রত্যাহার করা হয়েছে। ওসিকে প্রত্যাহারের ঘটনায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, সকালে জলিলকে ঢাকা রেঞ্জে প্রত্যাহার করা হয়েছে।

স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় গতরাতেই কটিয়াদী থানায় আলাদা দু’টি মামলা হয়েছে। সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে চারজনকে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে। অন্য মামলাটি করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী আতিকুর রহমান। এ মামলাতে এজাহারভুক্ত আসামি না থাকলেও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০ থেকে ২৫ জনকে।

গেল রাতেই অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া স্ত্রীর নামে নিজেদের জায়গায় স্যাটেলাইট ক্লিনিক নির্মাণ করছেন স্বাস্থ্য সচিব। ক্লিনিকে যাওয়া-আসার জন্য একটি সড়কও নির্মাণ করছেন সচিব। এসব জায়গা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিরোধ হয় স্বাস্থ্য সচিবের। এসব বিষয় নিয়ে কিছুদিন ধরেই উত্তেজনা চলছিলো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.