ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত ১৩ মার্চ

ওয়ান নিউজঃ করোনা পরিস্থিতির কারণে প্রায় এক বছর পর আগামী ১৩ মার্চ থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম পর্যায়ে শুধু স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষার্থীদের হলে তোলা হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা দুই সপ্তাহ সময় পাবেন ৷

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন নিয়মিতভাবে পুরো সময় খোলা থাকবে৷ ওই দিন থেকে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল শুরু হবে।

এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে হলগুলো খুলে দেওয়ার সুপারিশ করেছিল।

সভায় হল খোলার দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত এবং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পূর্ণ দিবস অফিস করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে যে যে বিভাগ ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তাদের পরীক্ষা নিতে কোন বাধা নেই।

এছাড়াও সভায়, শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। হল খোলার পর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও তারিখ ঘোষণা করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.