নির্বাচনী ইশতেহার নাকি কথার ফুলঝুড়ি?

ডেস্ক নিউজ:
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারে ততই সরগরম রাজনীতির মাঠ। নগর উন্নয়ন ও বিভিন্ন সমস্যার সমাধানে প্রধান দুই দলের মেয়র প্রার্থী উড়িয়েছেন আকাশ ছোঁয়ার স্বপ্নের বেলুন। একজন দিয়েছেন ৩৫ প্রতিশ্রুতি, পরক্ষণেই আরেকজন জানিয়ে দিলেন ৭৫ দফার আশ্বাস।
নগরবাসী অবশ্য ভোটের মাঠে এ ধরনের প্রতিশ্রুতি শুনে অভ্যস্ত। জয়ের পর আগের মেয়ররা তাদের দেওয়া আশ্বাস কতটা পূরণ করেছেন, সেই হিসাব-নিকাশও করছেন ভোটাররা। কেননা রাজ্যের প্রতিশ্রুতি দিলেও তার অনেক কিছুই মেয়রদের এখতিয়ারের বাইরে। মূলত সিটি মেয়রের প্রধান কাজ তিনটি— সড়কে আলো জ্বালানো, নালা-নর্দমা পরিষ্কার ও ময়লা অপসারণ। চসিক অবশ্য এর বাইরেও নগর স্বাস্থ্য ও শিক্ষাসহ বেশ কয়েকটি খাতে কাজ করছে।

প্রধান দুই দলের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও ডা. শাহাদাত হোসেন কয়েক ঘণ্টার ব্যবধানে শনিবার নিজেদের ইশতেহার ঘোষণা করেন। বরাবরের মতোই তাতে রয়েছে চট্টগ্রামের জলবদ্ধতা নিরসন, যানজট সমস্যা থেকে উত্তরণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, গৃহ কর ও আবাসন সুবিধা, পরিচ্ছন্ন ও নিরাপদ চট্টগ্রাম গড়া, সাম্য-সম্প্রীতি, নান্দনিক পর্যটন নগর এবং তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ নগর গড়াসহ প্রতিশ্রুতির ফুলঝুড়ি। অথচ আইন অনুযায়ী এর অনেক কিছুই তাদের দায়িত্বের মধ্যে পড়ে না! সেই কাজগুলো করার জন্য রয়েছে সরকারের বিভিন্ন বিশেষায়িত সংস্থা।

করোনাকালে হতে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর ঘোষিত ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে নগরের স্বাস্থ্যসেবা খাতকে। রাজস্বসহ সব সেবাখাতকে ‘ওয়ান স্টপ’ ডিজিটাল সার্ভারের আওতায় আনার আশ্বাসও রয়েছে। ১০০ দিনের অগ্রাধিকার ভিত্তিতে চলমান মহাপরিকল্পনা-উন্নয়ন প্রকল্পের মধ্যে সমন্বয়ের বিষয়টিও তুলে ধরা হয়েছে ইশতেহারে।

লিখিত বক্তব্যে এম রেজাউল করিম বলেন, ‘অঙ্গীকারে স্বপ্নের কাচ্চি বিরিয়ানি নয়, নগরীর বিপুল জনগোষ্ঠীকে নূন্যতম সেবা দিতে পারাটাই আসল যোগ্যতা। আমার কিছু পাওয়ার নেই। পারিবারিকভাবে সব পার্থিব অর্জন আমার আছে। সুযোগ পেলে নিজের মেধা-মনন, কর্ম, সবকিছু নগরবাসীর জন্য উৎসর্গ করাই আমার আসল অঙ্গীকার।’

অন্যদিকে জলাবদ্ধতামুক্ত, স্বাস্থ্যকর, শিক্ষাবান্ধব, গৃহ কর ও আবাসন সুবিধা, পরিচ্ছন্ন চট্টগ্রাম, নিরাপদ, সাম্য-সম্প্রীতির, নান্দনিক পর্যটন নগর এবং তথ্য প্রযুক্তি সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে ৭৫ দফা ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি নির্বাচিত হলে সব পুরনো মেয়রদের সাথে সমন্বয় করে চট্টগ্রামের উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন। লিখিত বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘নগর পিতা নয়, আমি নগর সেবক হতে চাই। ছাত্র জীবন থেকে চেষ্টা করেছি চট্টগ্রামের গণমানুষের পাশে দাঁড়াতে। নির্যাতিত, নীপিড়িত মানুষের সুখ-দুঃখের সাথী হতে। একজন ডাক্তার হিসেবে আমি স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারবো বলে মনে করি। একটি পরিচ্ছন্ন নগর এবং নগরবাসীর উন্নত জীবন গড়তে শিক্ষা, স্বাস্থ্য, জীবন ও সম্পদের নিরাপত্তা, নগরের সৌন্দৰ্য্যবৃদ্ধি, অসাম্প্রদায়িক পরিবেশ, নাগরিক বিনােদন, কর্মসংস্থান, পরিবেশ দূষণ ও ভেজালমুক্ত করণ, টেন্ডারবাজি ও চাঁদাবাজমুক্ত করণ, সর্বপ্রকার স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণ, সর্বোপরি করপোরেশনের সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও সুষম বণ্টন এবং নগরবাসীকে অন্যায্য কর আরােপ হতে ভারমুক্ত রাখা সহ প্রভূত উদ্যোগ নেয়া হবে। অবৈধ দখল উচ্ছেদ, স্বজনপ্রীতি মুক্ত করণ এবং জলাবদ্ধতা নিরসন চ্যালেঞ্জ-উত্তরণে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

সিটি কর্পোরেশন তথা এর মেয়র কী করতে পারে আর কী করতে পারে না সেটি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। কিন্তু আইন কী বলছে? দুই মেয়রই যানবাহনসহ সড়ক ব্যবস্থাপনার কথা বলেছেন। তবে সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনার জন্য যে তফসিল রয়েছে সেটির ১৯.১ ধারায় বলা হয়েছে, জনগণ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে সেজন্য সিটি করপোরেশন যানবাহন নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু সিটি করপোরেশন যে ধরনের যানবাহনের লাইসেন্স দেয় কিংবা নিয়ন্ত্রণ করে সেগুলো হচ্ছে অযান্ত্রিক বাহন। কিন্তু বাস, ট্রাক, মোটর সাইকেল- এসব বাহন নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং পুলিশের। তবে সরকারের অনুমতি নিয়ে যানবাহনের ভাড়া নির্ধারণ করতে পারবে সিটি করপোরেশন। কিন্তু অতীতে কখনোই সিটি করপোরেশন এটি নিয়ে মাথা ঘামায়নি।

নিরাপদ সড়ক এবং যানজট কমানোর প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। রাস্তা মেরামত করার ক্ষেত্রে সিটি করপোরেশনের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। আইন অনুযায়ী রাস্তার উপর তাদের সম্পূর্ণ কর্তৃত্ব রয়েছে। এছাড়া ফুটপাত সিটি করপোরেশনের সম্পদ। ফুটপাত রক্ষা করা এবং ফুটপাতে মানুষের চলাচল নির্বিঘ্ন করা সিটি করপোরেশনের একটি বড় কাজ। একাজ করতে অন্য কারো অনুমতি নেবার প্রয়োজন নেই। সিটি করপোরেশন কার্যাবলীর ১২ এবং ১৩নং ধারায় বলা আছে, অনুমতি ছাড়া যেখানে-সেখানে বাজার বসানো যাবে না। সিটি করপোরেশনের কাজের মধ্যে এটি নির্ধারণ করে দেয়া আছে।

অন্যদিকে সিটি করপোরেশন কার্যাবলীর তফসিলে ৮.১ ধারায় বলা হয়েছে, সিটি করপোরেশন নগরীতে সাধারণ এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ করবে। নিরাপদ পানি সরবরাহের ক্ষেত্রে সিটি করপোরেশনের এখতিয়ার আছে। কিন্তু পানি সরবরাহের ক্ষেত্রে সিটি করপোরেশনের কোন অবকাঠামো নেই। চট্টগ্রাম নগরে পানি সরবরাহের কাজটি করে চট্টগ্রাম ওয়াসা।

দুই প্রার্থীই প্রতিশ্রুতি দিচ্ছেন যে, তারা নির্বাচিত হলে নিরাপদ নগর গড়ে তুলবেন। কিশোর গ্যাংসহ মাদক, চাঁদাবাজমুক্ত নগর উপহার দেবেন। কিন্তু আইন অনুযায়ী সিটি করপোরেশনকে এ দায়িত্ব দেয়া হয়নি। কারণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে পুলিশ। তারা সিটি কর্পোরেশনের অধীনে নয়।

প্রার্থীরা বাসযোগ্য পরিকল্পিত নগরের কথা বললেও ভোটের মাঠ পার হতে কিন্তু নগর পরিকল্পনা করা বা মাস্টার প্ল্যান তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ। যে কোন ভবন নির্মাণের ক্ষেত্রে সিডিএর অনুমোদন নিতে হয়। ভবন নির্মাণ অনুমোদনের ক্ষেত্রে সিটি করপোরেশনের কোন ভূমিকা নেই। এমনকি বড় কোনও সড়ক ফ্লাইওভার নির্মাণের অনুমোদন ও এখতিয়ার নেই সিটি করপোরেশনের; এসবই করে সিডিএ। তবে ভবন নির্মাণের সময় সিটি করপোরেশনের কর্তৃত্ব না থাকলেও নির্মাণ হবার পরে সিটি করপোরেশন পৌর কর নিতে পারে।

আইন অনুযায়ী সিটি করপোরেশনের জন্য যেসব কাজ নির্ধারণ করা হয়েছে, সেসব কাজ করার জন্য সরকারের আরো কিছু সংস্থাকেও দায়িত্ব দেয়া হয়েছে। সেক্ষেত্রে সিটি করপোরেশন কতটুকু করবে আর অন্য সংস্থা কতটুকু করবে সেটি সুনির্দিষ্টভাবে বলা নেই। তাই সাধারণত সড়কের আলোকায়ন, নালা-নর্দমা পরিষ্কার ও ময়লা অপসারণ এসবের বাইরে খুব একটা যাওয়ার সুযোগ নেই মেয়রের।

সিটি করপোরেশন কিভাবে কাজ করবে এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কী হবে তা বর্ণনা করা আছে আইনের ৪১নং ধারায়। সিটি করপোরেশনের কাজের জন্য মেয়র এবং কাউন্সিলরগণ যৌথভাবে দায়ী থাকবে। আইনে বলা আছে, সিটি করপোরেশন একটি কর্পোরেট বডি। এখানে অনেক কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন। কাউন্সিলরদের নিয়েই কর্পোরেশন। আইন অনুযায়ী মেয়র একক কোন সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু এখন সিটি করপোরেশন এমনভাবে চলছে যেন মেয়রই সবকিছু করেন।

এছাড়া অনেক সময় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার সিটি করপোরেশনকে বড় আকারের বাজেট বরাদ্দ দেয়। আইন অনুযায়ী সেটি নির্ধারণ করা আছে। তবে মেয়রের ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভর করে অন্যান্য সংস্থার সাথে তিনি কতটা সমন্বয় করতে পারছেন। সেটাই হলো ভোটারদের কাছে দেওয়া মেয়রদের প্রতিশ্রুতি বাস্তবায়নের মূল চ্যালেঞ্জ।

নগর এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, প্রার্থীদের প্রতিশ্রুতিতে অনেক বড় বড় স্বপ্নের কথা রয়েছে। কিন্তু সেসব স্বপ্ন কতটা বাস্তবায়নযোগ্য তা ভেবে দেখা দরকার। এমন কোন প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। যা একজন মেয়রের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু নির্বাচনী বৈতরণী পার হতে অহেতুক মিথ্যা আশ্বাসই দেওয়া হচ্ছে বারবার। তাই সিটি করপোরেশনের যে আইনি ও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে তা বিবেচনায় রেখে ভোটারদেরও উচিত তাদের প্রত্যাশা লাগামহীন না করা।

প্রতিশ্রুতি প্রসঙ্গে নগরের ব্যস্ততম নিউ মার্কেট এলাকার রিকশা চালক জাহাঙ্গীর বলেন, ‘ভোট নিয়ে আমাদের কোনও কথা নেই। কাজ করলে পেটে ভাত না করলে নেই।’
রিয়াজ উদ্দিন বাজারের হারুন নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘নির্বাচনের সময় মেয়র প্রার্থী ও কাউন্সিলররা নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তী সময়ে কিছুই বাস্তবায়ন করেন না।’

পাশে থাকা এক ক্রেতা বলে উঠেন, ‘পরিকল্পনা প্রতিশ্রুতি অনেকেই দেন, আগেও দিয়েছেন; কিন্তু বাস্তবায়ন হয় কি না, সেটাই দেখার বিষয়। কেবল পরিকল্পনার মধ্যে বসে থাকলে হবে না। যিনিই নির্বাচিত হোন, মানুষের সমস্যা নিয়ে কথা বলতে হবে, কাজ করতে হবে।’

মিজানুর রহমান নামে বাকলিয়ার এক ভোটার বলেন, ‘মেয়র প্রার্থীরা আগেও নানা প্রতিশ্রুতি দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে; কিন্তু পুরোপুরি সমাধান হয়নি। কেবল গালভরা প্রতিশ্রুতিই নয়, যেসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বললেই ভালো। প্রতিশ্রুতি দিয়ে কাজ না করলে বড় বড় কথা বলা উচিত নয়।’

মোহরার বাসিন্দা ওয়াহিদুল আলম বলেন, ‘নির্বাচনের আগে প্রতিশ্রুতির ফুলঝুড়ির শেষ থাকে না। কিন্তু কাজের বেলায় তেমন কিছুই করতে পারে না মেয়ররা।’

বাণিজ্যিক নগর চট্টগ্রামের আগামীর মেয়রদের দেওয়া প্রতিশ্রুতিকে কেমন দেখছেন ব্যবসায়ী নেতারা। এ প্রসঙ্গে জানতে চাইলে চিটাগাং চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, ‘নির্বাচনী ইশতেহার দপ্তরের কার্যক্ষমতা বিবেচনা করে দেয়া উচিত। এরপরেও আমাদের মেয়র প্রার্থীরা ইশতেহারকে চমকদার করার জন্য বাড়তি অনেক কিছু বলেন। এটা একেবারে যে অযৌক্তিক তাও কিন্তু নয়। একজন মেয়রকে তার নগর নিয়ে সম্পূর্ণ পরিকল্পনা নিতে হয়। কিন্তু তারা নির্দিষ্ট চার-পাঁচটি কাজের বাইরে কিছু করতে চাইলে তাদের অন্য সরকারি দপ্তরের শরণাপন্ন হতে হয়। এখানে সিটি করপোরেশন স্বায়ত্তশাসিত হলেও বাকি দপ্তরগুলো সরকারের সিদ্ধান্ত নির্ভর। এছাড়া স্থানীয় সরকার আইনে সিটি করপোরেশনের কর্মপরিধি বিষয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার। নয়তো সিটি মেয়রের পক্ষে সিটি নিয়ে কাজ করার পূর্ণাঙ্গ ক্ষমতা থাকে না।’

একজন ব্যবসায়ী হিসেবে কেমন নগর দেখতে চান প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ব্যবসায়ী হিসেবে দেখার চেয়েও একজন সচেতন নাগরিক হিসেবে এ নগর কেমন হবে তা দেখা জরুরি। এখন চট্টগ্রাম ব্যবসায়িক উন্নয়নে অনেক কাজ হচ্ছে। এতে নগরায়ন যেভাবে হবে, এতে যেন মাঠ ও পার্কের অভাব না হয় এটি সিটি মেয়রকে দেখতে হবে। চট্টগ্রামের শিশু-কিশোরসহ নগরবাসীর জন্য মাঠ ও পার্কের প্রয়োজন। নগরকে পরিচ্ছন্ন ও আলোকিত রাখার পাশাপাশি নগরবাসী যেন সুস্থ পরিবেশে থাকতে পারে এটি নিয়ে সিটি মেয়রকে ভাবতে হবে।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সেক্রেটারি আইনজীবী আকতার কবির চৌধুরী বলেন, ‘প্রতিশ্রুতি নয়, এটিকে সর্বোচ্চ পরিকল্পনা বলা যায়। প্রতিশ্রুতি দেওয়াটা সম্পূর্ণ নিষিদ্ধ। সে যাই হোক; এখন তারা (মেয়র প্রার্থী) পরিকল্পনার যে কথা বলছে তা পুরোপুরি গতানুগতিক। মেয়াদ শেষে দেখা যায়- সফলতার হার থাকে শুণ্যের কোটায়। নির্বাচনে জয় লাভের জন্য তারা এসব পরিকল্পনার কথা বলেন না, জাস্ট কথার কথা বলে থাকেন।’

নির্বাচনের আগে সাধারণ মানুষকে বুকা বানানোটা হতাশার উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন পরবর্তী দায়িত্ব নিয়ে প্রার্থীরা তাদের পরিকল্পনার কতটুকু সঠিকভাবে বাস্তবায়ন করে তা দেখার কেউ নেই বলেই তারা দায়িত্ব জ্ঞানহীন এসব পরিকল্পনার কথা ভোটারদের সামনে তুলে ধরেন। অতীতে আমরা তাই দেখতে পেয়েছি।’

আকতার কবির চৌধুরী বলেন, ‘তারপরও আমরা আশাবাদী হতে চাই, আশায় বুক বাঁধতে চাই। পরেরটা পরে দেখা যাবে। আশা রাখছি, ধীরে ধীরে সুন্দর একটা সিস্টেম চলে আসবে।’

দুই মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহারকে কীভাবে দেখছেন জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাজী খসরুল আলম কুদ্দুসী বলেন, ‘আজকে মেয়র প্রার্থীরা যেসব বিষয়ের উপর নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে দরকার আন্তরিকতা। যদিও একজন মেয়রের দায়িত্বে যে থাকেন তার ক্ষমতার সীমাবদ্ধতা থাকে। চট্টগ্রাম সিটিকে নান্দনিক ও দৃষ্টিনন্দন নগরে পরিণত করতে হলে দুই প্রার্থীকে অবশ্যই ‘ন্যাচারাল রির্সোচ’কে কাজে লাগাতে হবে। ইশতেহার বাস্তবায়ন করতে হলে অবশ্যই আন্তরিকতা ও দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে হবে। এটা রেজাউল করিম চৌধুরী হোন কিংবা ডা. শাহাদাত হোন। আন্তরিকতা ও চেষ্টা থাকলে এই নগরকে অবশ্যই জলবদ্ধতা ও দূষণমুক্ত নান্দনিক নগর বিনির্মাণ করতে পারবেন।’

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মোহাম্মদ শোহাইব বলেন, ‘আমাদের দেশে নিবাচর্নী ইশতেহারগুলো মূলত কথার ফুলঝুড়ি হয়েই থাকে। নির্বাচনী ইশতেহারে জনসম্পৃক্ততা কতটুকু সেটাই বিবেচ্য বিষয়।বিগত সময়ে চসিকের কাজে সমন্বয়হীনতা লক্ষ্য করা গেছে। জনগণের স্বার্থে নেয়া উন্নয়ন কাজের প্রকল্পগুলোতে জনসম্পৃক্তার অভাব দেখা যায়। পাবলিক ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোতে দেখা যায় উপর থেকে চাপিয়ে দেয় উন্নয়নগুলো। ফলে সেই উন্নয়নে জনগণের মতামত শূন্য ও আদতে সমস্যার সমাধান হয় না। তাই ইশতেহারে অবশ্যই জনগণের মতামতকে সবচেয়ে গুরুত্ব দেয়া দরকার। তাহলেই সত্যিকার নগর উন্নয়ন সম্ভব।নয়তো এসব রাজনৈতিক ইশতেহার শুধুমাত্র কথার ফুলঝুড়ি।’

নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান বলেন, ‘মেয়র প্রার্থীরা তাদের ইশতেহার ঘোষণা করেছেন তাদের মত করে। কিন্তু এসব বাস্তবায়নে তাদের সক্ষমতা কতুটুকু সেটাও বিবেচনায় নেওয়া দরকার। কেননা মেয়রের কার্যক্ষমতা কিন্তু আইনে একেবারেই সীমাবদ্ধ। তারা মূলত ময়লা পরিষ্কার, সড়ক বাতি মেরামত ও নালা পরিষ্কার ছাড়া নিজস্ব ক্ষমতাবলে তেমন কিছু করতে পারে না। এজন্য সিটি করপোরেশন আইনের সংশোধন আনতে হবে। একজন নির্বাচিত মেয়রকে মন্ত্রীর মর্যাদা দিয়ে সিটির পুরোপুরি দায়িত্ব তাকে দিতে হবে। তাহলেই তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তার কিছুটা বাস্তবায়ন করতে পারবেন অন্যথায় তা শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে।’ -সিভয়েস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.