ডেস্ক নিউজ:
রপ্তানিমুখী শিল্পখাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
রপ্তানি নীতির আওতাধীন সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া ও বিশেষ উন্নয়নমূলক খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে এ তহবিল বিতরণ করা হবে।
রোববার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা, পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া, জ্বালানি সাশ্রয় ও দক্ষতা, কর্মপরিবেশ উন্নয়ন এবং উৎপাদন যন্ত্রপাতি বা মেশিনারিজ ও প্রযুক্তির আধুনিকায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট শিল্পের মুখ্য উৎপাদন, জ্বালানি দক্ষ বা নবায়নযোগ্য জ্বালানি, বিজনেস প্রসেসিং রিইঞ্জিনিয়ারিং, বিজনেস প্রসেস অটো সংক্রান্ত, অপারেশন ম্যানেজমেন্ট সংক্রান্ত, বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু ব্যবস্থাপনা, তাপ ব্যবস্থাপনা, কর্ম পরিবেশ (অগ্নিব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা) ব্যবস্থাপনা, পানি ব্যবহার ব্যবস্থাপনা, মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত আধুনিক প্রযুক্তি, হিসাবায়ন, ইনভেন্টরি ব্যবস্থাপনা, বিপণনসহ মোট ৩২টি খাতের জন্য এ তহবিল থেকে ঋণ পাওয়া যাবে।
অংশগ্রহণকারী ব্যাংকগুলো এক শতাংশ সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে তহবিল নিয়ে দুই থেকে তিন শতাংশ সুদে বিনিয়োগ করতে পারবে। ঋণ বিনিয়োগের মূলধনের অনুপাত হবে ন্যূনতম ৭০:৩০ শতাংশ।
তিন থেকে ১০ বছর মেয়াদে বিনিয়োগের গ্রেস পিরিয়ড হবে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ এক বছর। শ্রেণিকৃত ঋণ বা বিনিয়োগের হার ১০ শতাংশের বেশি হবে না।
পুনঃঅর্থায়ন সুবিধা মঞ্জুর করার আগে সংশ্লিষ্ট প্রকল্প ও দলিলাদি বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করবে। পুনঃঅর্থায়নের মেয়াদ পর্যন্ত পরবর্তী ছয় মাস পর পর বাংলাদেশ ব্যাংক ওই প্রকল্প পরিদর্শন অব্যাহত রাখবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.