ডেস্ক নিউজ:
চট্টগ্রামে সীতাকুণ্ডের ভাটিয়ারি ও পটিয়ার ইন্দ্রপোল এলাকায় পৃথক দুই অভিযানে ১১ হাজার ৬১০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শনিবার (১৬ জানুয়ারি) ভোর ৪টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত পৃথক এই দুই অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃত ৩ আসামি হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার তুলাতলী এলাকার মৃত মো. হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (৩৫) ও মৃত নাজির আহমদের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) এবং লোহাগাড়া উপজেলার মিয়াজান কাজীর পাড়া এলাকার আহমদ কবিরের ছেলে সিকান্দর বাদশা (৪৬)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার সিভয়েসকে বলেন, ‘শনিবার ভোর ৪ টায় ভাটিয়ারি এলাকার চেকপোস্টে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘শ্যামলী পরিবহন’র একটি বাসে তল্লাশি করা হয়। এসময় ফাতেমা খাতুনের হাতে থাকা ভ্যানিটি ব্যাগের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘অপরদিকে আজ সকাল ১১টা ৩০ মিনিটে পটিয়ার ইন্দ্রপোল মহাসড়ক এলাকার চেকপোস্টে ‘হানিফ পরিবহন’র একটি বাসে তল্লাশি করা হয়। এসময় বাসটির স্টিয়ারিং এর ড্যাশবোর্ডের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ৯ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ ড্রাইভারকে আটক করা হয়। সাথে বাসটিও জব্দ করা হয়।’
আটককৃত ৩ আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সীতাকুণ্ড ও পটিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাব-৭ সহকারী পরিচালক মো. নুরুল আবছার। -সিভয়েস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.