নিজস্ব প্রতিবেদক:
পর্যটন নগরী কক্সবাজারের পরিবেশ রক্ষায় জলবায়ু তহবিলের অর্থায়নে ‘সিভিএম কম্পোস্ট প্লান্ট’ প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর। ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে ২০১৮ সালে প্রকল্পটি বাস্তবায়ন করে কক্সবাজার পৌরসভাকে হস্তান্তর করা হয়। কথা ছিলো প্রকল্পটি বাস্তবায়নের পর কক্সবাজার শহরে উৎপাদিত বর্জ্য থেকে জৈব সার উৎপাদন করে কৃষ্টিতে অবদান রাখা হবে। কিন্তু পৌর কর্তৃপক্ষের অসহযোগিতা, অদক্ষতা এবং অনিয়মের কারণে কার্যত কোন উপকারে আসছে না এ প্রকল্পটি। প্রকল্পের কার্যক্রম শেষ হলেও এখন চালুই হয়নি এর উৎপাদন কাজ।
সরজমিনে প্রকল্প স্থানে গিয়ে দেখা গেছে, প্রকেল্পর চারপাশে প্লাস্টিক সামগ্রি জমে আছ। ভেতরে জৈব সার নির্মাণের স্থানে ধুলা ময়লার স্তুপ পড়ে আছে। দেখলে মনে হবে কয়েক বছরেও এখানে কোনও কর্মকর্তা বা কর্মচারিসহ সংশ্লিষ্ট কারো পা পড়েনি। প্রকল্প এলাকায় দেখাও মেলেনি সংশ্লিষ্ট কারো।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান অন্যতম। সরকার ঝুঁকি কমাতে জলবায়ু তহবিল ট্রাস্টের মাধ্যমে নানা পদক্ষেপ হাতে নিলেও অদক্ষ জনবল, অনিয়ম ও দুর্নীতির কারণে মাঠ পর্যায়ে যথাযত বাস্তবায়ন হচ্ছে না। উল্টো প্রশ্নবিদ্ধ হচ্ছে কর্তৃপক্ষের দায়িত্বেবোধ নিয়ে। তবে এ নিয়ে বিপরীতমোখী বক্তব্য পাওয়া গেছে কক্সবাজার পৌরসভা এবং পরিবেশ অধিদপ্তরের।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে সঠিক সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করে কক্সবাজার পৌরসভাকে হস্তান্ত করেছে। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে প্রকল্পটি বাস্তবায়নের আসল উদ্দেশ্য সফল হচ্ছে না। এখানে তাদের আর কোন দায়িত্ব নেই। আর পৌরসভা বলছে, তারা সঠিকভাবে তাদের সহযোগিতা করে যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পর্যটন নগরি কক্সবাজারের পরিবেশ সুরক্ষায় সরকারের নেয়া কর্মপন্থার মধ্যে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের ‘সিডিএম’ (ক্লিন ডেভেলপমেন্ট মেকানিমজম) এর আওতায় ৪ কোটি টাকা ব্যায়ে ‘সিভিএম কম্পোস্ট প্লাট’ নামে একটি পাইলট প্রকল্প হাতে নেয়। কিন্তু কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ সঠিক সময়ে জমি দিতে না পারায় প্রায় আড়াই কোটি টাকা ফেরত চলে যায়। পরে ২০১৮ সালে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে পৌরসভাকে হস্তান্তর করা হয়।
একই বছর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ ‘মেঘা অর্গানিক বাংলাদেশ’ এবং ‘সেবক এগ্রোভেন্ট’ নাম দুটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন করেন। এ চুক্তি বলে প্রতিদিন কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ পচনশীল বর্জ্য তাদের সরবরাহ করবেন। আর জমি ব্যবহারের জন্য পৌরসভাকে মাসিক ৫ হাজার টাকা করে প্রদান করবেন। কিন্তু চুক্তির কোনটিই বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
তাদের অভিযোগ পৌরসভা কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে প্রকল্পের আসল উদ্দেশ্য বাস্তবায়ন আলোর মুখ দেখছে না। প্রতিদিন যে পরিমাণ বর্জ্য পাওয়ার কথা ছিল তাও তারা পাচ্ছে না। ফলে সার উৎপাদন দুরের কথা উল্টো ক্ষতি কমাতে কর্মচারি ছাটাই করতে হচ্ছে।
এদিকে অযোগ্য নেতৃত্ব, অদক্ষতা এবং দুর্নীতির কারণে সরকারের একটি সুপরিকল্পিত প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছেনা বলে মনে করেন সচেতন মহল।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ নাজমুল হক বলেন, পরিবেশ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে ২০১৮ সালে কক্সবাজার পৌরসভাকে হস্তান্তর করেছে। এ প্রকল্পের মাধ্যমে আমরা কক্সবাজারের পরিবেশ সুরক্ষায় চেষ্টা করছি। প্রকল্পটি চালু রাখতে পৌরসভা কর্তৃপক্ষ দুটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ বর্জ্য দিয়ে সহযোগিতা করছেন না বলে প্রতিষ্ঠান দুটি জানিয়েছেন। এ বিষয়টি নিয়ে পৌরসভার মেয়রের সাথে কথা বলার পরও কোন সুরহা হয়নি। তারপরও আমরা চেষ্টা করছি কক্সবাজারের পরিবেশকে রক্ষা কাজ করতে।

প্রকল্প বাস্তবায়নের পর পরিবেশ অধিদপ্তরের কোন দায়িত্ব নেই দাবি করে তিনি বলেন, এখন যদি পৌরসভা অসহযোগিতা করে তবে প্রকল্পটি বাস্তবায়নের আসল উদ্দেশ্য সফল হবে না।
মেগা অর্গানিক বাংলাদেশের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, কক্সবাজার পৌরসভার ভূমি ব্যবহার ও মাসিক ৫ হাজার টাকা ভাড়ায় আমাদের সাথে একটি চুক্তি হয়েছিল। কিন্তু কাজ করতে গিয়ে পৌর কর্তৃপক্ষ আমাদের কোন সহযোগিতা করছে না। আমাদের চুক্তিতে পৌরসভার হোটেল মোটেলসহ যেখানে পচনশীল দ্রব্য উৎপাদিত হয় সেসব পচনশীল দ্রব্য আমাদের কাছে পৌঁছাবে পৌরসভা কর্তৃপক্ষ। শুরুতে বর্জ্য সরবরাহ করলেও পরে তারা কথা রাখেনি। বারবার পৌরসভার মেয়রের সাথে কথা বলেও কোন সুরহা হয়নি। এ অবস্থায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের। ফলে আর প্রকল্পটি চালিয়ে যাওয়ার কোন পরিকল্পনা দেখছি না। বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তরের সাথেও কথা হয়েছে।
জানতে চাইলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল আলম বলেন, আমরা যেদিন থেকে বেসরকারি প্রতিষ্ঠান ‘মেগা অর্গানিক বাংলাদেশ’ এর সাথে চুক্তি করেছি সেদিন থেকে সব দায়িত্ব তাদের হাতে দিয়েছি। এখানে পৌরসভা কর্তৃপক্ষের কোন দায়িত্ব নেই।
তারা আমাদের কনজারভেন্সি অফিসারের সাথে কথা বলে ময়লা সংগ্রহ করবেন। কিন্তু তারা (চুক্তিবদ্ধ সংস্থা) ময়লা করছেন না বলে উল্টো অভিযোগ করেন তিনি।
বিষয়টি নিয়ে কথা হয় কনজারভেন্সি অফিসার কবির হোসেন বলেন, ১২ টন জৈব সার উৎপাদন ধারন ক্ষমতা সম্পন্ন জৈব সার উৎপাদন কেন্দ্রটি যাদের হাতে দেয়া হয়েছে তারা অদক্ষ এবং অযোগ্য প্রতিষ্ঠান। আমরা একবার ময়লা নিয়ে গেলে পরবর্তীতে বলে আর ময়লা না নিতে। তাই অনেক সময় আমরা ময়লা নিয়ে যায় না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.