ওয়ান নিউজ ডেক্সঃ যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর নিজেদের আকাশপথ বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করেছে অন্তত ৪০ দেশ। ফলে বিশ্বজুড়ে এভিয়েশন খাত নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এর বাইরে নেই বাংলাদেশও।
এমনিতেই করোনার কারণে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছে সীমিতভাবে। দেশের এভিয়েশন খাতের বড় বাজার সৌদি আরব ও ওমানের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় এক সপ্তাহে সূচিতে থাকা ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে।
এর ফলে মধ্যপ্রাচ্যে চালু থাকা বিমানের ফ্লাইটের বেশিরভাগই এখন বন্ধ। বর্তমানে চালু থাকল সংযুক্ত আরব আমিরাত ও কাতার। এই দু্ই দেশের বিভিন্ন গন্তব্যে সপ্তাহে ১৬টি ফ্লাইট পরিচালনা করে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোকাব্বির হোসেন বলেন, ‘এ সপ্তাহে সৌদি আরব যেতে টিকিট কেটেছিলেন পাঁচ হাজার ১০০ জন। আর দেশে ফেরার জন্য টিকিট কাটা ছিল আরও প্রায় ছয় হাজার জনের। ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় এরা সবাই আটকে গেলেন।
এদের অনেকেরই ভিসা ও আকামার মেয়াদ শেষের দিকে। আবার অনেকেই যাওয়ার জন্য কোভিড টেস্ট করিয়েছিলেন। সবকিছুই আসলে আটকে গেল। তার ওপর বিমান যে ফ্লাইটগুলো বাতিল করল, এতে মোটা অঙ্কের ক্যাপাসিটি লসও কিন্তু বহন করতে হবে।’
বিমানের এমডি বলেন, ‘বছরজুড়ে কোভিড সংক্রমণের কারণে এমনিতেই এভিয়েশনের বাজার ছিল তলানিতে। তবে সম্প্রতি পরিস্থিতি কাটিয়ে উঠতে নানা প্রয়াস চলছিল।
‘প্রায় ৪০ শতাংশ ক্ষতি আমরা কাটিয়ে উঠেছিলাম। কিন্তু এখন এই দ্বিতীয় ধাক্কা সব অর্জন শেষ করে দিতে বসেছে।’
এভিয়েশন বিশেষজ্ঞ ও বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহেদুল আলমের মতে, ‘পরিস্থিতি এখনো ঘোলাটে।’
তিনি বলেন, ‘করোনায় বছরের শুরুর ছয় থেকে সাত মাস যে ক্ষতি হয়েছিল, গত তিন মাসে তা অনেকটাই কাটিয়ে উঠেছিল এয়ারলাইন্সগুলো। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে বাংলাদেশের এভিয়েশনে যে প্রবৃদ্ধি হয়েছে, তা এশিয়া প্যাসিফিক অঞ্চলে সর্বোচ্চ।
‘এ কারণেই কিন্তু ব্রিটিশ এয়ারসহ কয়েকটি নতুন এয়ারলাইন্স এখানে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে দ্বিতীয় ধাক্কাটি যদি লম্বা সময়ের জন্য আসে তাহলে এয়ারলাইন্সগুলো বড় হোঁচট খাবে।’
ওয়াহেদুল বলেন, ‘যদিও এ সমস্যা সাময়িক তবুও আমাদের এখন থেকেই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ফ্লাইট শুরু করার।’
এই এভিয়েশন বিশেষজ্ঞের মতে, ইউরোপ-আমেরিকার অনেক দেশের মতো বাংলাদেশেরও উচিত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট যোগাযোগ বন্ধ করে দেয়া।
‘শুধু সরাসরি ফ্লাইট নয়, বিভিন্ন দেশে যুক্তরাজ্য থেকে ট্রানজিট নিয়ে আসা ফ্লাইটগুলোও বন্ধ করে দেয়া উচিত। কোনোভাবে যদি করোনার নতুন ধরনটি এ দেশে প্রবেশ করে, তাহলে কিন্তু আমাদের সাথে অন্য সবাই যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলবে। এতে সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে।’
সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন এক ধরনের অস্তিত্ব পেয়েছেন সে দেশের গবেষকরা। তারা বলছেন, নতুন করোনাভাইরাসটি অন্য ধরনগুলোর চেয়ে ৭০ শতাংশ পর্যন্ত বেশি ছোঁয়াচে হতে পারে।
করোনা ভাইরাসের অসংখ্য ধরন থাকলেও এখন পর্যন্ত অল্প কয়েকটি মানবদেহে সংক্রমণের ক্ষমতা অর্জন করেছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) হিসাবে, এ ধরনের করোনাভাইরাসের সংখ্যা সাতটি। তবে যুক্তরাজ্যে সংক্রমিত নতুন করোনাভাইরাসটিকে সে ধরনের বিবেচনায় নিলে এই সংখ্যা পৌঁছাবে আটে।
নতুন করোনাভাইরাস সংক্রমণের খবরের পর যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ফ্রান্স, জার্মানি, কানাডা, ভারত, পাকিস্তানসহ প্রায় ৪০টি দেশ।
নতুন করোনার সংক্রমণ ঠেকাতে সব দেশের সঙ্গে আকাশ ও স্থলপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সৌদি আরব, ওমান ও কুয়েত।
তবে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচলের বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মহিবুল হক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.