ওয়ান নিউজ ডেক্সঃ পরমাণু সমঝোতায় ফিরে আসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো শর্ত ইরান মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান আলী আকবর সালেহি। সোমবার (২১ ডিসেম্বর) ইরানের ইন্তেখাব বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আকবর সালেহি বলেন, পরমাণু সমঝোতায় ফিরে আসার ক্ষেত্রে আমেরিকার কোনো শর্ত মানবে না তেহরান। কারণ ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন যেসব শর্তের ভিত্তিতে পরমাণু সমঝোতা সই হয়েছিল সেইসব শর্তের ওপর যদি যুক্তরাষ্ট্র সমঝোতায় ফিরে আসে তাহলে তাদেরকে স্বাগত জানানো হবে। পরমাণু সমঝোতায় নতুন শর্ত আরোপের কোনো প্রশ্নই ওঠে না।
জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটনের পরমাণু সমঝোতায় ফিরে আসার সম্ভাবনা কতটা- এমন এক প্রশ্নের জবাবে সালেহী বলেন, সম্প্রতি জো বাইডেন এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের এই ফিরে আসাকে আমরা স্বাগত জানাই কিন্তু এই ফেরাটা অবশ্যই নিঃশর্ত হতে হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.