৩ জানুয়ারি পর্যন্ত মীর নাছিরকে কারাগারেই থাকতে হচ্ছে

ডেস্ক নিউজ:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৩ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের জামিন আবেদনের শুনানি আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি রেখেছেন আপিল বিভাগ। এর ফলে এই সময়ের মধ্যে তাকে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে দুদকের দায়ের করা এ মামলায় উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক গত ৮ নভেম্বর মীর নাছির বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। কিন্তু সেদিন বিচারিক আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আত্মসমর্পণের পরে মীর নাছির আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি) দায়ের করেন। একইসঙ্গে জামিন চেয়েও আবেদন জানান।

প্রসঙ্গত, ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করে দুদক।এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-২ একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাছির উদ্দিনকে আলাদা ধারায় তিন বছর ও ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন। একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই বছরের দণ্ড দেন। এছাড়া তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকার অর্থদণ্ড অনাদায়ে এক মাসের দণ্ড দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক দু’টি আপিল করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.