ইরানি সাংবাদিক রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ড কার্যকর

ওয়ান নিউজ ডেক্সঃ ইরানের ভিন্নমতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে মেসেজিং অ্যাপ ব্যবহার করে অসন্তোষ সৃষ্টির উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, শনিবার রুহুল্লাহ জামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তি বহাল রাখে। খবর বিবিসির

জানা যায়, রুহুল্লাহ জাম ‘আমাদনিউজ’ নামে একটি ওয়েবসাইট চালাতেন। ইরান সরকারের বিরোধী এই নিউজ ওয়েবসাইট বেশ জনপ্রিয় ছিল। ইরান সরকারের অভিযোগ, আমাদনিউজ ২০১৭-১৮ সালে দেশজুড়ে যে বিক্ষোভ হয়, তাতে উস্কানি দেয়।

এ ছাড়া মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আমাদনিউজ যেসব সাংকেতিক বার্তা শেয়ার করতো, সেগুলো ফলো করতেন প্রায় দশ লাখ মানুষ।এই নেটওয়ার্কে আমাদনিউজ ইরানে সরকার-বিরোধী বিক্ষোভের খবর ছাড়াও ইরানি কর্মকর্তাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করতো।

ইরান সরকার এই ওয়েবসাইটটি বন্ধ করে দেয়। কিন্তু পরে এটি আবার ভিন্ন-নামে আত্মপ্রকাশ করে। এসব অভিযোগে ফ্রান্স থেকে গত বছর রুহুল্লাহ জাম ইরাকে যাওয়ার পর সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.