খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু

ওয়ান নিউজ ডেক্সঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবম অন্তবর্তীকালীন পরিষদের চেয়ারম্যান মনোনীত হয়েছেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত এক পত্রে ২০১৫ সালরে ২৫ মার্চ গঠিত অন্তবর্তীকালীন চেয়ারম্যান ও ১৪ সদস্যের পরিষদ বাতিল করে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন-১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন-১৯৯৭ এর ১৬-ক (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারা প্রদত্ত ক্ষমতাবলে এ মনোনয়ন দেয়া হয়।

১৫ সদস্যের পুনর্গঠিত নতুন পরিষদে সদস্য হিসেবে স্থান পেয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. আব্দুল জব্বার, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামী লীগ নেতা খোকনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আশুতোশ চাকমা, জেলা আওয়ামী লীগ সদস্য শুভমঙ্গল চাকমা, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক নীলোৎপল খীসা, খাগড়াছড়ি পৌরসভার সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, লহ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেস্রাচাই চৌধুরী, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, জেলা আওয়ামী লীগের মহিলা বিয়ক সম্পাদক শতরূপা চাকমা এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহিনা আকতার।

এর আগে ২০১৫ সালরে ২৫ মার্চ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরীকে চেয়ারম্যান করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বতীকালীন পরিষদ গঠন করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.