চেক প্রতারণা মামলার বিচার সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ডেস্ক নিউজ:
নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্ট-১৮৮১ এর ১৩৮ ধারার অধীনে এখন থেকে শুধু যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত চেক প্রতারণার মামলার বিচার হবে বলে উল্লেখ করা হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। বিচারপতিদের স্বাক্ষরের পর মঙ্গলবার (৮ ডিসেম্বর) রায়ের ১৯ পৃষ্ঠার অনুলিপি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন মামলার আইনজীবী হুমায়ন কবির পল্লব।

এর আগে, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্ট-১৮৮১ এর ১৩৮ ধারার অধীনে এখন থেকে শুধু যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত চেক প্রতারণার মামলার বিচার হবে। আর এই আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে শুধু সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ আদালতে আপিল করা যাবে। একইসঙ্গে যেসব মামলা জেলা ও দায়রা জজ আদালত এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে, তা ১৫ দিনের মধ্যে যুগ্ম জেলা জজ আদালতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এসব নির্দেশনা দেশের সব জেলা ও দায়রা আদালতকে অবহিত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আবেদনকারীরপক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব, ব্যারিস্টার মোহাম্মদ কাওছার, ব্যারিস্টার মাজেদুল কাদের ও ব্যারিস্টার মোজাম্মেল হক।
চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার এএএম জিয়াউর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনারের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করে ইসলামী ব্যাংক। মামলাটি চাপাইনবাবগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। ওই তিন মামলার কার্যক্রম চ্যালেঞ্জ করে ২০১৮ সালের ১৮ অক্টোবর রিট আবেদন করেন তিনি। এই রিট আবেদনের শুনানি শেষে রুল জারি করেন হাইকোর্ট। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করেছিলেন হাইকোর্ট।

রায় সম্পর্কে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব সাংবাদিকদের জানিয়েছিলেন, বর্তমান এনআই অ্যাক্টের ১৩৮ নম্বর ধারার অধীনে চেক প্রতারণার মামলার শুনানি হয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে। কোন আদালতে শুনানি হবে তা নির্ধারণ করে দেন জেলা ও দায়রা জজ আদালত। যুগ্ম জেলা জজ আদালতের কোনও আদেশের বিরুদ্ধে আপিল করা হয় জেলা ও দায়রা জজ আদালতে। আর অতিরিক্ত জেলা জজ আদালত কিংবা জেলা ও দায়রা জজ আদালতের আদেশ ও রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে হাইকোর্টে। ফলে এই ধরণের মামলা নিয়ে বিচারিক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।

তাই একটি নির্দিষ্ট আদালতে চেক ডিজঅনারের মামলার শুনানি এবং একটি নির্দিষ্ট আদালতে আপিল দাখিল হওয়া প্রয়োজন। তাই সেসব নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রায় ঘোষণা করেছেন। হাইকোর্ট এই রায়ের ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে। আবার বিচারিক বিশৃঙ্খলা থেকে রক্ষা পাওয়া যাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.