এম.জিয়াবুল হক, চকরিয়া:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবু ছিদ্দিক (৩০) নামের মোটরসাইকেল আরোহী মেডিকেল রিপেনজেটিভ নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগরের জাইল্যারঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু ছিদ্দিক আন্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির আদর্শ গ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে হিসেবে কর্মরত।
মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনিসুর রহমান বলেন, শনিবার সকালের দিকে নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল সাতকানিয়ার কেরানীহাটে যাচ্ছিল আবু ছিদ্দিক। মোটরসাইকেলটি আজিজনগরের জাইল্যারঢালা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় ওই মোটরসাইকেলের পিছনে থাকা একটি কাভার্ড ভ্যানটি আবু ছিদ্দিককে চাপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ওসি আরও বলেন, আবু ছিদ্দিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ায় গাড়িটি জব্দ করা যায়নি। তবে, গাড়িটিকে জব্দ করতে চেষ্টা চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.