ডেস্ক নিউজ:
জাতীয় কংগ্রেসের এক বছরের মাথায় অবশেষে আলোর মুখ দেখলো কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটি। চট্টগ্রাম থেকে অন্তত ৮ জনসহ ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও সিসি কমিটিতে রাখা হয়েছে ২০০ জনকে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কমিটি ঘোষণা করেন। পদ সংখ্যার দিক থেকে এটি যুবলীগের সবচেয়ে বড় কমিটি।
ঘোষিত এই কমিটিতে স্থান পেয়েছেন অন্তত চট্টগ্রামের ৮ নেতা। তাদের মধ্যে তিনজন যুবলীগের গত কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন। এছাড়াও তাদের বাইরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও গত কমিটির যুগ্ম সম্পাদক মনজুর আলম শাহিন নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। চট্টগ্রামের পটিয়ার সন্তান যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আনোয়ারার আবু মুনির মো. শহীদুল হক রাসেল নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-কৃষি ও সমবায় সম্পাদক চন্দনাইশের মীর মো. মহিউদ্দিন নতুন কমিটিতে পেয়েছেন তথ্য ও গবেষণা সম্পাদকের পদ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও হাটহাজারীর আদিত্য নন্দী নতুন কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও সাতকানিয়া পৌর আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু যুবলীগের নতুন কমিটিতে সহ-সম্পাদক মনোনীত হয়েছেন।
অন্যদিকে নতুন গঠিত সিসি কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য চট্টগ্রামের তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক নিয়াজ মোর্শেদ এলিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. বিমান চন্দ্র বড়ুয়া।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল। – সিভয়েস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.