উপকূলের ১২ বাহিনীর ৩৪ জলদস্যু আত্মসমর্পণ করছে আজ

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রাম সমুদ্র উপকূলের ১২ টি ডাকাত বাহিনীর ৩৪ জন জলদস্যু আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করছে।

জলদস্যুরা শতাধিক ভারী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আত্মসমর্পণ করবে বলে সুত্র জানিয়েছে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানটির মধ্যস্ততা করছেন কক্সবাজারের পেকুয়ার উজানটিয়ার বাসিন্দা আলোচিত সাংবাদিক এমএম আকরাম হোসাইন। যিনি ইতোপূর্বে টেকনাফ, মহেশখালীতে দুইটি আত্মসমর্পন অনুষ্ঠানের মধ্যস্ততা করেছিলেন।

সুত্র মতে, বৃহস্পতিবার ১২ নভেম্বর সকালে কূখ্যাত বাইশ্যা ডাকাত বাহিনীর প্রধান বাইস্যা সহ ৩৪ জন জলদস্যুকে আত্মসমর্পণের সফল মধ্যস্থতাকারী সাংবাদিক এমএম আকরাম হোসাইন র‍্যাবের কাছে হস্তান্তর করেছেন।

আত্মসমর্পণ করতে যাওয়া ৩৪ জন জলদস্যুর মধ্যে কক্সবাজার জেলার কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া ও চট্টগ্রামের বাঁশখালী সহ সংশ্লিষ্ট এলাকার জলদস্যু রয়েছে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, পুলিশের আইজি ড. বেনজির আহমেদ, র‍্যাবের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, চট্টগ্রামের পুলিশ সুপার সহ রাষ্ট্রিয় ভিআইপিগণ উপস্থিত থাকার কথা রয়েছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.