চট্টগ্রামের ১১ ইউপিতে ভোট গ্রহণ শুরু

ডেস্ক নিউজ:
চট্টগ্রাম জেলার ৬ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

সংশ্লিষ্ট উপজেলাগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়ে দেওয়ার পর নির্বাচনী কেন্দ্রে ব্যালট পেপার সকালে পাঠানো হয়। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন৷

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, সকাল ৯টা থেকে ৬ উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ১১ ইউনিয়নের ৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে ভোটাররা। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়ছে।

তিনি আরও বলেন, ভোট কেন্দ্রগুলোতে ভোটের ব্যালট পেপার সকালে পাঠানো হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও বিজিবি মোতায়েন থাকবে।

এদিকে মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৭ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য, রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য এবং ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের ৫ নম্বর সাধারণ ওয়ার্ড সদস্য পদের তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

নির্বাচনে মোট ২৮ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ১১৮ জন সাধারণ সদস্য এবং ৩৭ জন সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। -সিভয়েস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.