ওয়ান নিউজঃ করোনা মহামারির ছুটিতে সব শিক্ষকের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) আসা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে সরকার।শুধু প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে।
গত সেপ্টেম্বরে মাউশির এক চিঠির পরিপ্রেক্ষিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষকদের আসতে বাধ্য করে আসছিল প্রতিষ্ঠানগুলো। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বাধ্য করায় শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন উইং জানিয়েছে, সব শিক্ষকের স্কুলে আসার প্রয়োজন নেই।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং হতে গত ২২ সেপ্টেম্বর ‘শিক্ষা কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আকস্মিক পরিদর্শন’ শিরোনামে পত্র জারি করা হয়।
করোনার কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মধ্যে অনলাইন, টিভি, বেতারে ক্লাস পরিচালনা করছেন শিক্ষকরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.