ডেস্ক নিউজ:
খাওয়া-দাওয়া নয়! অবৈধ মেলামেশাই যেন মূখ্য। আলো নয়, অন্ধকারই এখানখার বাস্তবতা। যেখানে তরুণ তরুণী থেকে শুরু করে অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরীরা জোড়া জোড়া প্রবেশ করেন। আর ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে থাকেন। করোনার কারণে কিছুদিন বন্ধ থাকলেও ‘নিউ নরমাল’ সময়ে আবার শুরু হয়েছে এই আলো আঁধারি রেস্টুরেন্টের রমরমা ব্যবসা। বলছি নগরীর চকবাজার এলাকার অন্ধকার রেস্টুরেন্টগুলোর কথা।
চট্টগ্রাম নগরীর চকবাজারের ফুলকলির উপরে দ্বিতীয় তলায় সিটি হার্ট রেস্টুরেন্ট। দরজা ঠেলে প্রবেশ করতেই ঘুটঘুটে অন্ধকার। চোখে অনেকটা ঘোর লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যে চোখের ঘোর কাটিয়ে ম্যানেজারের ঝাপসা চেহারা দেখা গেলেও ভিতরের কি চলছে তা বুঝা যাচ্ছিল না। কিন্তু পাশ থেকে কয়েকজন ছেলে-মেয়ের শব্দ কানে আসছে। কয়েক পা এগোতেই দেখা গেল বেড়া দেয়ার মত অনেকটা চেয়ার।
আঁটোসাঁটো চেয়ারের সামনে ছোট একটি টেবিল। টেবিলের এক পাশে বসানো চেয়ারের লম্বাটে সিটে অনেকটা ঠাসাঠাসি করে দু’ জনকে বসতে হয়। কিন্তু তাদের চেহারা ভালভাবে দেখা যাচ্ছে না। কিন্তু বুঝা যাচ্ছে এরা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী।
অন্ধকার রেস্টুরেন্টগুলো নগরীতে ‘ডার্ক রেস্টুরেন্ট’ নামে পরিচিত। পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্রয়ে রেস্টুরেন্ট মালিকরা এ অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।
নগরীর ‘শিক্ষাপাড়া’ খ্যাত চকবাজার এলাকায় শিক্ষার্থীদের কেন্দ্র করে অসংখ্য ডার্ক রেস্টুরেন্ট গড়ে উঠেছে। চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজসহ অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান এ চকবাজার এলাকায়। চকবাজার এলাকায় অসংখ্য নামি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থাকলেও এক শ্রেণীর তরুণ-তরুণী ও যুবক-যুবতীদের পছন্দ ওই সব অন্ধকার রেস্টুরেন্টগুলোই! পরিবার পরিজনদের চোখে ধুলো দিয়ে তারা এসব রেস্টুরেন্টে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন দেদারসে।
শিক্ষার্থীদের অনৈতিক কাজের সুবিধা করে দেয়ায় হচ্ছে এসব ডার্ক রেস্টেুরেন্টের মূল কাজ। তাই নগরীর স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে অনৈতিক কাজ করার উদ্দেশ্যে আসে এসব ডার্ক রেস্টেুরেন্টে। স্কুল-কলেজের শিক্ষার্থীরাই এসব রেস্টুরেন্টের মূল টার্গেট। অনেক সময় রেস্টুরেন্ট মালিক বা কর্মচারীরা শিক্ষার্থীদের ফাঁদে ফেলে মোটা অংকের টাকা আদায় করে বলেও অভিযোগ পাওয়া যায়। চকবাজার এলাকাতেই এমন রেস্টুরেন্টের আড়ালে দীর্ঘদিন ধরে চলে আসছে ‘অসামাজিক’ কার্যকলাপ।
গত কদিন ধরে এরকমই অন্তত ১০টি রেস্টুরেন্ট ঘুরে এসব চিত্র দেখা গেছে। অনুসন্ধানে জানা যায়, চকবাজার থানা পুলিশকে ‘ম্যানেজ’ করেই এসব রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ চলছে। রেস্টুরেন্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে বা এসব রেস্টুরেন্ট বন্ধ না করে চকবাজার থানা পুলিশ প্রতি রেস্টুরেন্ট থেকে নিচ্ছে মাসিক ১৫ হাজার টাকা। আগের ওসি মাসিক ১০ হাজার টাকা নিলেও এখন রেট বেড়েছে বলে একাধিক রেস্টুরেন্ট ব্যবসায়ী জানিয়েছেন।
এছাড়া নগর গোয়েন্দা পুলিশের একজন ক্যাশিয়ারও প্রতি রেস্টুরেন্ট থেকে নিয়ে যান মাসিক ৫ থেকে ৬ হাজার টাকা। বেশ কয়েকজন রেস্টুরেন্ট ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে এসব বিষয় সিভয়েসকে নিশ্চিত করেছেন।
ব্যবসায়ীরা বলছেন, তারা মূলত থানা পুলিশ ও ডিবি পুলিশকে মাসোহারা দিয়ে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে তরুণ তরুণীদের মেলামেশার ব্যবস্থা করে দেন।
ফলে কম টাকার খাবার বেশি দামে বিক্রি করার সুযোগ আছে। কেননা নরমাল রেস্টুরেন্টের একান্তে দুজনে মেলামেশা বা কাছে যাওয়ার সেই সুযোগ না পেলেও এসব ডার্ক রেস্টুরেন্টগুলোতে তা অবাধে পাচ্ছে। ফলে তারা বাহিরে ২শ টাকায় যে খাবার খেতে পারে তা এসব রেস্টুরেন্টে ৬ শ টাকা দিয়ে খেলেও সেখানেই ভীড় করছেন।
মাঝখানে করোনার কারণে ব্যবসা বন্ধ থাকলেও চকবাজার থানার নতুন ওসি যোগদানের পর এবং লকডাউন তুলে নেয়ার পর থেকে ফের এই আলো আঁধারির রেস্টুরেন্ট ব্যবসা শুরু হয়।
চকবাজার থানার নাকের ডগায় গুলজার মোড়ের বিভিন্ন ভবন মার্কেটে এসব রেস্টুরেন্টের অবস্থান। সিভয়েসের অনুসন্ধানে এমন ১০ টি রেস্টুরেন্ট খুঁজে পাওয়া গেছে। তবে এলাকাবাসি বলছেন, গুলজার মোড় এলাকায় অসামাজিক কার্যকলাপ চলে এমন রেস্টুরেন্টর সংখ্যা ১০ টিরও বেশি। অনুসন্ধানে পাওয়া ১০ রেস্টুরেন্ট হচ্ছে, আইমান সেন্টারের পাল ভিউ, হাবিব প্লাজার লাগন, লীগ মার্কেটের মি লাইকি রেস্টুরেন্টের উপরের প্যারাডাইজ, চাদনী চক মার্কেটের হারমনি, বি.কে টাওয়ারের পাশের ভবনের তৃতীয় তলার আড্ডা, মতি টাওয়ারের সামনের একটি ভবননের দ্বিতীয় তলার সিটি হার্ট ও তৃতীয় তলার ওয়েল ক্যাফে, ফরসুন টাওয়ারের তৃতীয় তলার নাইস, মুতালেব মার্কেটের কপি ম্যাক্স ও শাহেন শাহ মার্কেটের দ্বিতীয় তলার কফি আইল্যান্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক চকবাজারের জয় নগরের স্থায়ী এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান বলেন, ‘এসব ফালতু কাজ কারবার চললেও পুলিশ দেখেনা। এসব রেস্টুরেন্ট বন্ধ করে দিলে সমস্যা কি? যদি চালাতে হয় আলোতেই চালাক, অন্ধকারে কেন? আমরা এলাকাবাসী যদি এসব বন্ধ করে দেই তখন পুলিশই আবার আমাদের বিরুদ্ধে মামলা নিবে। তাই পুলিশ কমিশনারের এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত৷’
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রামের আহ্বায়ক আখতার কবির চৌধুরী সিভয়েসকে বলেন, ‘অপ্রাপ্ত বয়স্কদের এভাবে রেস্টুরেন্টের আড়ালে মেলামেশা করতে দেয়াটা নৈতিকতা বহির্ভূত। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেয়া প্রয়োজন। সুশাসন প্রতিষ্ঠায় এসব আমলে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘কোনো রকম বন্ধ বা ব্যবস্থা না নিয়ে মাসোহারা নেয়ার মাধ্যমে পুলিশের বিরুদ্ধে সহযোগীতা করার যে বিষয়টি আসছে সেটি কখনও গ্রহণযোগ্য নয়। সমাজ যেটি প্রত্যাশা করে না সেটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনই নিয়ম।’
এ প্রসঙ্গে স্থানীয় সাবেক কাউন্সিলর সাঈয়েদ গোলাম হায়দার মিন্টু বলেন, ‘এলাকার ভেতরে এসব কার্যকলাপ মেনে নেয়া যায় না। আশা করি আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা বিষয়টি নজরে নিবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিবেন।’
চট্টগ্রাম জেলা প্রশাসন বছর দুয়েক আগে এসব রেস্টুরেন্টে অভিযানও চালিয়েছিল। এবার সেই ধরণের কোনও পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন সিভয়েসকে বলেন, ‘বিষয়টি আমরা দেখব। সত্যতা পাওয়া গেলে মোবাইল কোর্ট চালিয়ে ব্যবস্থা নেয়া হবে।’
অভিযোগ প্রসঙ্গে চকবাজার থানার ওসিকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) সালেহ মোহাম্মদ তানভীর সিভয়েসকে বলেন, ‘এই ধরণের কোনও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ কে করবে তা জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, ‘এই যে আপনারা জানাচ্ছেন, এলাকাবাসী জানাবে। বিষয়টি আমার নলেজে ছিলনা। এসব অনৈতিক কোনো কাজ হলে অব্যশই কঠোর ব্যবস্থা নিব।’
টাকার বিনিময়ে পুলিশের সহযোগিতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিএমপি কমিশনার বলেন, ‘টাকা নেয়াটা সম্ভব না। তা আমার নলেজে নেই। যদি সত্যি হয় তদন্ত করে ব্যবস্থা নিব।’ -সিভয়েস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.