নিজস্ব প্রতিবেদকঃ মামলা জট কমানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কীভাবে দ্রুত শেষ করা যায়, সে ব্যাপারে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রোববার (১১ অক্টোবর) সকালে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বসেন।
এ এম আমিন উদ্দিন বলেন, মামলা জট কমানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল। সাংবাদিকদের তিনি বলেন, বিচার বিভাগে রাষ্ট্রপক্ষের যে কোনো মামলায় লড়ার জন্যে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। মামলায় আসামি কে সেটা দেখবো না। আমি দেখব মামলা। আইনজীবী হিসেবে এটি আমার দায়িত্ব।
এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) জ্যেষ্ঠ আইনজীবী আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরও সভাপতি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাটর্নি জেনারেল হিসেবে আমিন উদ্দিনকে নিয়োগ দেন।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়। তার স্থলাভিষিক্ত হলেন আমিন উদ্দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.