হিমছড়ি ঢালায় ডাকাতের গুলিতে শিশু শিল্পী নিহত

ইমাম খাইর#
কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাত দলের গুলিতে জনি দে রাজ নামক শিশু শিল্পী নিহত হয়েছে।
সে ঈদগড় ৪নং ওয়ার্ডের পূর্বরাজঘাট (বাজার) এলাকার তপন দের ছেলে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০ টায় রিপোর্ট লিখাকালে লাশ ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রে রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈদগড় ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ আলমগীর হোসেন।
তিনি জানান, ঈদগাঁও থেকে ঈদগড়ের পথে হিমছড়ি ঢালায় সিএনজিবাহী যাত্রীরা ডাকাতির শিকার হন। এসময় ডাকাতের গুলিতে কণ্ঠশিল্পী জনি নিহত হয়েছে।
এ সময় আরো অন্তত ৫ যাত্রী আহত হয়েছে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। ডাকাতদলের কাউকে আটক করা যায় নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.