এই দুঃসময়ে ভয়ংকর গণতন্ত্রহীন নেতৃত্ব সংকটে দেশ: ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ ‘নির্বাচনের আগের রাতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করে ক্ষমতা দখলকারী সরকার যখন করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে, যখন সরকারের চরম উদাসীনতায় লাখো মানুষের জীবন ও জীবিকা হুমকির সম্মুখীন হয়েছে, হাজারও মানুষ ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থার জন্য প্রাণ হারাচ্ছে, যখন সরকারি দলের লুটেরাদের দুর্নীতির কারণে অর্থনীতি ধ্বংসের মুখে, তখন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সুপরিকল্পিত মিথ্যাচার এক গভীর ষড়যন্ত্র।’

আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপার্সন এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ জানানোর জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, আওয়ামী লীগের মতো একটি পুরাতন দল যাদের ছাত্র সংগঠনের একটি ঐতিহ্য আছে তাদের নেতারাই এরকম প্রতিটি ঘটনার সাথে জড়িত। এর আগেও তারা ধর্ষণের সেঞ্চুরি পার করেছে এরকম ঘটনা আমরা জানতে পেরেছি। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এটা একটা চরিত্রগত ব্যাপার।

ফখরুল জানান, ‘তারেক রহমানকে নির্যাতন করে পঙ্গু করার অপচেষ্টা, মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে তার ভাবমূর্তিকে হেয় করা যাবে না। দেশের সকল স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী মানুষের কাছে এই দুঃসময়ে এই ভয়ংকর গণতন্ত্রহীন সংকটে নেতৃত্বের আশার আলোর দিশারী তারেক রহমান। তার বিরুদ্ধে মিথ্যা প্রচার তাকে তার লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘পাবনা-৪ আসনে উপনির্বাচন আবারও প্রমাণ করেছে যে, এই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার যোগ্য নয়। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে।’ সংবাদ সম্মেলনে এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।

এসময় মির্জা ফখরুল গতকাল শনিবার দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সমূহ সাংবাদিকদের জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.