জনগণের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদকঃ আমাদের বৈদেশিক নীতি-সকলের সাথে বন্ধুত্ব এবং কারো সাথে বৈরীতা নয়। আমরা সবসময়ই মনে করি যে, এই অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবার আগে আরো ভাল সহযোগিতার প্রয়োজন।

রবিবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বিদায়ী সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, প্রতিবেশী দেশগুলো তাদের সুবিধার্থে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে।

কোভিড-১৯ মহামারি বিষয়ে রীভা গাঙ্গুলী বলেন, ‘মরণঘাতী এই রোগের বিরুদ্ধে দুই দেশ এক সঙ্গে কাজ করছে।’ এই মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন রীভা গাঙ্গুলী।

মুজিব বর্ষ উপলক্ষে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।

হাইকমিশনার রীভা গাঙ্গুলী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির পক্ষ থেকে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। যেখানে মোদি ৭৪তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রীভা গাঙ্গুলি উভয়কেই ধন্যবাদ জানান, বলেন প্রেস সচিব।
আগামী মঙ্গলবার ভারত এবং বাংলাদেশের দুই পররাষ্ট্রমন্ত্রী একটি ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন বলেও হাইকমিশনার শেখ হাসিনাকে অবহিত করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.