বাকলিয়ায় ফাটল ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

ডেস্ক নিউজ:
ফাটল দেখা যাওয়ার একদিন পরও ভবন থেকে সরে যাননি বসবাসকারীরা। ঝুঁকি নিয়েই গ্যাস, বিদ্যুৎ ও পানি ছাড়া তারা ভবনটিতে বসবাস করছেন তারা। নগরীর বাকলিয়া থানার ডিসি রোড দেওয়ান বাজার এলাকার ভরা পুকুর পাড় এলাকায় ভবনটির অবস্থান। এর মালিক মোহাম্মদ বাবুল বলে জানা গেছে।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে দ্বিতল এ ভবনটিতে ফাটল দেখা দেয়। সাথে সাথে আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। এসময় রাস্তার নালার সাথে কয়েকটি বাঁশ দিয়ে ভবনটিকে রক্ষার চেষ্টা করতে দেখা যায়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, রাস্তার ডান পাশের ঝুকিপূর্ণ ভবনটি ভাঙ্গার কাজ করছেন কয়েকজন শ্রমিক। তখনও বাসিন্দারা ভবন ছেড়ে যাননি। ঝুঁকি নিয়েই বাসিন্দারা বসবাস করছেন। জানতে চাইলে ভবনের বাসিন্দারা বলেন, ভবনের মালিক আমাদের এখনো কিছু বলেননি। অন্যত্র চলে যেতেও বলেননি, আবার থাকতেও বলেননি। এছাড়া হঠাত করে আমরা কই বা যাব? তাই ঝুঁকি নিয়ে গ্যাস, বিদ্যুৎ ও পানি ছাড়াই থেকে গেছি। এ বিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও ভবনের মালিক মোহাম্মদ বাবুল বা ভবনের সাথে সংশ্লিষ্ট ম্যানেজার আবু তৈয়ব কাউকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, ৮ থেকে ১০ বছর আগে নির্মিত হওয়া ভবনটিতে সর্বোমোট নিচ তলা ও উপর তলা মিলে ১২ টি পরিবার বসবাস করতেন। ১২ পরিবারের সদস্য সংখ্যা ৪০ থেকে ৫০ জন। যারা ঝুঁকির মধ্যেই ভবনটিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তবে ফাটল দেখা দেওয়ার পরপর অধিকাংশ বাসিন্দা ছাড়া বাকীরা অন্যত্র চলে যান।

এলাকাবাসী বলছেন, ভবনটি কোনো ফাউন্ডেশন ছাড়াই নির্মাণ করা হয়েছে। লোহা বলতে গেলে ব্যবহারই করা হয়নি। শুধু ইট, বালু ও সিমেন্ট দিয়েই কোনোরকমে ভবনটি বানানো হয়েছে। পরে নিম্ন আয়ের কিছু মানুষদের ভাড়া দিয়ে দেওয়া হয়। তখন থেকেই ভবনটিতে লোকজন থাকছেন।

ঝুঁকিপূর্ণ ভবনে কেন লোকজনের বসবাস জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি শাহিনুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ভবন থেকে লোকজন উচ্ছেদসহ সকল কার্যক্রম গ্রহণ করার দায়িত্ব সিটি কর্পোরেশনের। আমরা শুধু অবৈধভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি।

এদিকে, ফাটল দেওয়া ভবনটিতে এখনও কেন লোকজন বসবাস করছেন এমন প্রশ্নের জবাবে শাহিনুল ইসলাম জানান, এ বিষয়টি তিনি সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের অবহিত করবেন। যাতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে লোকজনকে সরিনে নিরাপদে অন্যত্র পাঠিয়ে দেন।

তবে এ প্রসঙ্গে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল ইসলাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনে কিভাবে বসবাস করবে? বিষয়টি আমাদের জানা নেই। কেউ যদি লিখিত অভিযোগ দেন অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠাচ্ছি। ব্যবস্থা নেয়া হবে। ঝুঁকিপূর্ণ ভবনে লোকজন বসবাস করবেন তা মেনে নেয়া যায় না।

উল্লেখ্য, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ) কতৃপক্ষ দীর্ঘদিন ধরে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতের কাজ করছেন। কিন্তু সে অনুযায়ী ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। ঝুঁকিপূর্ণ ভবন ঝুঁকিপূর্ণই থেকে যাচ্ছেন। -সিভয়েস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.