নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মুজিবর্ষেই ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২জন হত্যাকারীর মধ্যে ৬ জনের বিচার কার্যক্রম সম্পন্ন করেছে। বাকি ৬ জনের মধ্যে একজন মারা গেছেন আর বাকি পাঁচজন বিদেশে পলাতক রয়েছেন।
শুক্রবার ‘জনতার প্রত্যাশা’ নামে একটি সংগঠনের ব্যানারে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও তার স্বজনদের হত্যার পর জিয়াউর রহমানের আমলে খুনিদের দায়মুক্তি দেয়া হয়েছিল। পরে অনেকে দেশ ছেড়েছিলেন। ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর ওই হত্যাকাণ্ডের কোনো বিচার কার্যক্রম শুরু হয়নি। ’৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ খোলে। তখন বিচার শুরু হলেও বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার পর বিচারের গতি শ্লথ হয়ে যায়। আওয়ামী লীগ ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে দণ্ডিত পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়।
এই অনুষ্ঠানে, করোনা ভ্যাকসিন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভ্যাকসিন পেতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সুনির্দিষ্ট কোন দেশ থেকে ভ্যাকসিন আনার চেষ্টা চলছে সে সম্পর্কে কিছু বলেননি পররাষ্ট্রমন্ত্রী।
আলোচনা সভায় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমসহ আয়োজক সংগঠনের অন্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.