চুরির ঘটনা নয়, একটি পরিকল্পিত হামলার ঘটনা: বাসা

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার উদ্দেশ্য চুরি নয়, হত্যার উদ্দেশে তাঁর ওপর আক্রমণ করা হয়েছে। কিন্তু কোনো কোনো মহল ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে ‘বিচ্ছিন্ন ও চুরির ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করলেও তা মানতে নারাজ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)।

শনিবার বিকালে রাজধানীর ইস্কাটনের বিয়াম অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ এসব কথা বলেন।

আজকের সংবাদ সম্মেলনে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, অ্যাসোসিয়েশন মনে করে এটি কোনো চুরির ঘটনা নয়, হত্যাকাণ্ডের অভিপ্রায় নিয়ে ইউএনওকে আক্রমণ করা হয়েছে। কারণ যখন ইউএনও এবং তাঁর বাবাকে আঘাত করা হয়, তখন দুর্বৃত্তরা ইউএনওর কোনো সম্পদ চুরি করেনি বা বাসা থেকে কোনো জিনিস খোয়াও যায়নি। এমনকি তাঁর বিছানার ওপর পড়ে থাকা মোবাইলটিও নেয়নি। এটি একটি পরিকল্পিত আক্রমণের ঘটনা। এই ঘটনার সঙ্গে আরও অনেক ব্যক্তি সম্পৃক্ত থাকতে পারে।

ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় আটককৃতদের রাজনৈতিক পরিচয় বিভিন্ন গণমাধ্যমে এলেও ‘তদন্তের স্বার্থে’ এ নিয়ে কিছু বলতে চাননি সংগঠনের মহাসচিব ও জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।

সচিব বলেন, ‘আমরা দেখেছি, ইউএনও ওয়াহিদা ইদানীংকালে কিছু উচ্ছেদ করেছেন। আরও কিছু উচ্ছেদ করার জন্য কিছু লোকজন তার ওপর সংক্ষুব্ধ হয়েছেন। ওখানে যে বালুমহাল অবৈধভাবে বালু তুলতে তিনি বাধা দিয়েছিলেন। এ সমস্ত কারণে প্রভাবশালী কেউ হয়ত তার ওপর ক্ষিপ্ত হতে পারেন। সেটির বহিঃপ্রকাশ এভাবে হতে পারে বলে আমরা মনে করি।’

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ওয়াহিদা খানম তেমন কোনো চাপে ছিলেন বা অস্বস্তিত্বে আছেন বলে জেলা প্রশাসকের সঙ্গে শেয়ার করেননি।’

তিনি জানান, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রংপুরের একজন কমিশনারকে প্রধান করে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে, যারা তদন্তকারী দলগুলোকে নিজেদের মতামত ও পর্যবেক্ষণ জানাবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.