নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মসজিদের এসি বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ মুসল্লি আহত হয়েছেন। এদের মধ্যে ৩৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টায় মসজিদের সামনে ট্রান্সফরমার বিস্ফোরিত হয় এবং এরপর মসজিদের ভেতরে থাকা এসি বিস্ফোরিত হয়। মসজিদে অর্ধশতাধিক মুসল্লি ছিলেন। মুহূর্তের মধ্যে তাদের প্রায় ৪০ জন দগ্ধ ও আহত হন। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। তবে থাই গ্লাস লাগানো থাকায় বের হতে পারেননি। এতে দগ্ধ ও আহতের সংখ্যা বাড়ে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, এশার নামাজের শেষ সময় এয়ারকন্ডিশনের গ্যাসের লিকেজ হয়ে এ বিস্ফোরণ ঘটে।
তিনি জানান, মসজিদের ফ্লোরের নিচ দিয়ে এয়ারকন্ডিশনের পাইপের সংযোগ ছিল। পাইপ লিক করে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছিল। দরজা জানালা বন্ধ থাকায় কেউ হয়তো ইলেকট্রিক লাইনের কোনো সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পার্ক হয়ে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয় বলে জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.