দুবাই বসে চাঁদাবাজিতে বাবর

ডেস্ক নিউজ:
তার নামের পাশে কোনো পদ পদবি ও বিশেষণের দরকার পড়ে না। নামেই তিনি চট্টগ্রামে আলোচিত-সমালোচিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। এ বিশেষণ দিয়েই তিনি চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেন। রেলের টেন্ডার নিয়ন্ত্রণ, জুয়ার আসর বার ও নির্মাণ কাজে চাঁদাবাজিসহ চট্টগ্রাম নগরীরতে নানা অপকর্ম করে বেড়ান। এক রেলওয়ে পূর্বাঞ্চলের টেন্ডার থেকেই তিনি ১০ শতাংশ হারে কমিশন নেন। তিনি আর কেউ নন। তিনি চট্টগ্রামের আলোচিত সমালোচিত হেলাল আকবর চৌধুরী বাবর। কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ বিষয়ক সম্পাদক। এক সময় বহিস্কৃত হলেও পরে আবার এ পদে আসেন ; আলোচনা আছে মোটা অংকের বিনিময়ে সেই পদটি নেন।

যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ও ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত যুবলীগ থেকে একবার বহিষ্কৃত ও হত্যা মামলায় কারাভোগ করা এ হেলাল আকবর চৌধুরী বাবর।

রাউজানের আকবর-মুরাদ হত্যা মামলা, বিএনপি কর্মী আজাদ হত্যা মামলা, মির্জা লেনে ডাবল মার্ডার, সিটি কলেজ ছাত্রলীগ নেতা আশিককে গোলপাহাড় মোড়ে হত্যা, তামাকুমুণ্ডি লেনে রাসেল হত্যা, এমইএস কলেজ থেকে ফরিদ নামের একজনকে ডেকে নিয়ে ষোলশহর ২ নম্বর গেটে হত্যা এবং সর্বশেষ ২০১৩ সালে সিআরবিতে রেলের টেন্ডার নিয়ে সংঘটিত জোড়া খুনের মামলার আসামি এ হেলাল আকবর চৌধুরী বাবর। তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র।

এতোসব অপরাধনামার পরও হেলাল আকবর চৌধুরী বাবর থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। যার ফলে বর্তমান সময়েও তার হাত থেকে নিস্তার পাচ্ছেন না ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত ব্যক্তি ও আওয়ামী লীগ নেতা কেউ। চাঁদা দাবি করে ক্ষয়ক্ষতিসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। এসব অভিযোগ এনে সম্প্রতি শাহ আলম নামের রেলওয়ের একজন ঠিকাদার ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আয়ুব আলী নামের একজন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের বিরুদ্ধে পৃথক দুই থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

খুলশী থানায় করা সাধারণ ডায়েরিতে ব্যবসায়ী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আয়ুব আলী উল্লেখ করেন- গত ২৭ ও ২৯ আগষ্ট ৯৭১৫২৩৭৮২৮২৫ নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অডিও বার্তা আসে। যেখানে হেলাল আকবর চৌধুরী বাবর তাকে ও তার পরিবারকে ক্ষয়ক্ষতি করাসহ প্রাণ নাশের হুমকি দেন।

অন্যদিকে সদরঘাট থানায় করা সাধারণ ডায়েরিতে ঠিকাদার শাহ আলম উল্লেখ করেন-ব্যবসা করতে গিয়ে বাবরের সাথে তার পরিচয় ও আর্থিক লেনদেন হয়। একপর্যায়ে তার ১ কোটি ২৫ লাখ টাকার প্রাডো গাড়ি কয়েকদিন ব্যবহারের জন্য নেন বাবর। গত বছর সন্ত্রাসী ওমিত মুহুরীর কারাগারে মারা গেলে বাবর বিদেশে চলে যান। পরবর্তীতে উক্ত গাড়ি ফেরত চাইলে বাবর ও তার অনুসারীরা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দেন।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বরের আগে দেশে শুদ্ধি অভিযান শুরু হলে হেলাল আকবর চৌধুরী বাবর দুবাই চলে যান। এর আগে তার অনুসারী হিসেবে পরিচিত সন্ত্রাসী অসীম রায় বাবু র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মারা যান। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ফের বাবর দেশে ফিরে আসেন। তবে আরেক অনুসারী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী অমিত মুহুরী কারাগারে মারা গেলে বাবর আবারও মধ্যপ্রাচ্যের দেশ দুবাই চলে যান। এরপর থেকে দুবাই বসেন তিনি চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছেন। তার হাত থেকে রেহাই পাচ্ছে না ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা কেউ। তার হয়ে ক্যাডার বাহিনীর সদস্যরা চাঁদা তুলছেন।

সূত্র জানায়,২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হেলাল আকবর চৌধুরী বাবর ছিলেন নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। বর্তমান সরকার ক্ষমতায় আসার এক বছরের মাথায় র‌্যাবের হাতে গ্রেফতার এড়াতে বাবর পাড়ি জমান থাইল্যান্ডে। সেখানে গড়ে তোলেন হোটেল ব্যবসা। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার এক বছর পর আবারও দেশে ফেরেন বাবর। পরে তিনি থাইল্যান্ডের ব্যবসা ছেড়ে দেশে ব্যবসা-বাণিজ্য শুরু করেন।

সূত্র জানায়, ২০১৩ সালে সিআরবিতে জোড়া খুনের ঘটনায় করা মামলায় ঢাকা থেকে বাবরকে গ্রেফতার করে পুলিশ। ডাবল মার্ডার মামলার আসামি হওয়ার পর যুবলীগের সদস্য পদ থেকেও বাবরকে বহিষ্কার করা হয়। কয়েক মাস পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হন বাবর।

গোয়েন্দা পুলিশ জানায়, নিজের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালনা না করলেও তার স্ত্রী জেসমিন আক্তারের নামে রয়েছে বেশ কয়েকটি ব্যাংক হিসাব। প্রাতিষ্ঠানিক ব্যবসা না থাকলেও বাবর এখন শত কোটি টাকার মালিক। নন্দনকানন বৌদ্ধ মন্দির রোডে রয়েছে তার পাঁচতলা বাড়ি। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ডি ব্লকের ২ নম্বর রোডের (বড় মসজিদের পাশে) ২৩/১ নম্বরের বাড়ির চারতলায় রয়েছে ফ্ল্যাট। ঢাকার বনানীতে দুটি সাততলা বাড়ি। নন্দনকানন ২ নম্বর গলিতে তার স্ত্রীর নামে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট এবং স্টেশন রোডে একটি মদের বারসহ নামে-বেনামে রয়েছে বেশ কয়েকটি গাড়িও।

ঠিকাদার ও আওয়ামী লীগ নেতার জিডির বিষয়ে নগরীর খুলশী ও সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিভয়েসকে জানান, হেলাল আকবর চৌধুরী বাবরের বিরুদ্ধে ঠিকাদার ও আওয়ামী লীগ নেতার করা সাধারণ ডায়েরি (জিডি) তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মোস্তাক আহমদ খান সিভয়েসক বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। দেশের প্রচলিত আইন ভঙ্গকারী সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হেলাল আকবর চৌধুরী বাবরও এর বাইরে নই। তার বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। -সিভয়েস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.