নিজস্ব প্রতিবেদকঃ বিনম্র শ্রদ্ধা আর শোকের মধ্য দিয়ে দেশবাসী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণ করছেন।
শনিবার দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শোক দিবসের কর্মসূচিতে অংশ নিচ্ছেন মানুষ।
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
সকাল সাড়ে ৫টায় রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ধানমণ্ডি ৩২ নম্বর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেয়া হয়।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ১৪ দলের নেতারা।
এসময় মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি হাজারো মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এদিকে মানুষের নিরাপত্তার জন্য পুরো এলাকায় নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন।
ঢাকা ছাড়াও সারাদেশে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যের স্মরণ করছে গোটা জাতি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.