সদর মডেল থানার ওসি ক্লোজ, সিলেট রেঞ্জে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সদরের খরুলিয়ায় গণধোলাইয়ের শিকার হয়ে এক ইয়াবা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবিরকে ক্লোজ করে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সদর উপজেলার খরুলিয়া বাংলাবাজারের পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে নবী হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। প্রতিবারের মতো সোমবার দুপুরে ইয়াবা বিক্রির সময় তাকে জনতা ধরে বেধড়ক গণধোলাই দেয়। স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় এবং পুলিশের হাতে তাকে সোপর্দ করেন। পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়। এক পর্যায়ে ওই দিন বিকালে তার শারীরিক অবস্থা ভালো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে পুলিশের হাতে তুলে দেন বলে সূত্রটি জানায়।

কক্সবাজার সদর মডেল থানার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম জানান, ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে রিলিজ করে দেন। পুনরায় অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে মারা যায়। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহাজান কবিরকে ক্লোজড করে সিলেট বিভাগে সংযুক্ত করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামানকে একই থানার ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্ব দেয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.