ডিসেম্বরের মধ্যেই পিইসি পরীক্ষা শেষ করা হবে

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত আমাদের নেই।

নিজস্ব প্রতিবেদকঃ মহামারি করোনা ভাইরাসের কারণে গত চার মাস ধরে বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। করোনার বর্তমান পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরের মধ্যে স্কুল খোলার চিন্তা করছে সরকার। এটা সম্ভব হলে ডিসেম্বরের মধ্যেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শেষ করা হবে।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত ‘করোনাকালে প্রাথমিক শিক্ষায় চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন একথা বলেন।

জাকির হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত আমাদের নেই। এই পরীক্ষা আরো যুগোপযোগী করার জন্য প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের কাজ চলছে।’ তিনি বলেন, ‘যদি সেপ্টেম্বরে স্কুল খুলে তাহলে আমাদের এক ধরনের প্রস্তুতি রয়েছে। আর এই সময়ে স্কুল খোলা সম্ভব না হলে ভিন্ন পরিকল্পনা নেওয়া হবে। এজন্য সংশোধিত সিলেবাস তৈরি করা হচ্ছে। পরবর্তী ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ পাঠ চিন্তা করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, যদি সেপ্টেম্বরে স্কুল খোলা সম্ভব না হয় তাহলে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাবর্ষে উন্নীত করা হবে। তবে উভয় পরিকল্পনার জন্যই সংশোধিত সিলেবাস তৈরির কাজ করছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ও প্রাথমিক শিক্ষা অধিদফতর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.