চট্টগ্রাম আদালতে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ:
চট্টগ্রাম নগরীর বহুল আলোচিত সমালোচিত ডবলমুরিং থানার এসআই (বরখাস্ত) হেলাল খানের বিরুদ্ধে আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা হয়েছে। গত ১৬ জুলাই ডবলমুরিংয়ের বড় মসজিদ গলিতে ‘আত্মহনন’ করা সাদমান ইসলাম মারুফের মা রুবিনা আক্তার বাদী হয়ে চট্টগ্রামের আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে শুনানি করেন এবং নগর গোয়েন্দা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ২৩ জুলাই মারুফের মা রুবিনা আক্তার এসআই হেলাল খান ও তার তিনজন সোর্সের বিরুদ্ধে প্রথম মহানগর হাকিম খায়রুল আমিনের আদালতে একটি মামলা ফাইল করেন।

আজ সোমবার (২৭ জুলাই) সকালে এটির উপর তৃতীয় মহানগর হাকিম শফি উদ্দিন শুনানি করেন। শুনানির একপর্যায়ে আদালত তিন সোর্সকে বাদ দিয়ে শুধুমাত্র এসআই হেলাল খানের বিরুদ্ধে মামলাটি আমলে নেন এবং নগর গোয়েন্দা পুলিশকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

১৬ জুলাই বৃহস্পতিবার ডবলমুরিংয়ের বাদামতলী বড় মসজিদ গলিতে মারুফ নামের এক তরুণের উপর চড়াও হয় কাশেম নামের একজনসহ হেলাল খানের দু’জন সোর্স। এ দু’জন সোর্স দশম শ্রেণি পড়ুয়া তরুণ মারুফ, তার মা রুবি আক্তার ও বোন নেহাকে মারধরসহ শারিরীকভাবে লাঞ্চিত করেন। এর মাঝে ঘটনাস্থলে প্রবেশ করেন কন্সটেবল থেকে ডিপার্টমেন্টল প্রমোশন পেয়ে এসআই হওয়া হেলাল খান।

সোর্সদের সাথে যোগ দিয়ে এ হেলাল খানও মারুফসহ তার মা বোনকে বেদম পিটিয়ে আহত ও লাঞ্চিত করেন। মারুফ পালাতে পারলেও পায়ে ধরেও হেলাল খানের কাছ থেকে নিস্তার পায়নি মারুফের মা বোন। তাদেরকে টেনে হিঁছড়ে সেই সাদা রংয়ের নোহা গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে মা বোনের এমন লাঞ্চিত হওয়ার ঘটনা ও থানায় নেওয়ার অপমান সহ্য করতে না পেরে পাশের করিম চাচার ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন ১৬ বছরের তরুণ সাদমান ইসলাম মারুফ।

বাদীর আইনজীবী রুখসানা আক্তার বলেন, ‘পুলিশ হেফাজতে নির্যাতনের শিকার হয়েই সাদমান ইসলাম মারুফ মৃত্যু বরণ করেন। বিষয়টি আদালতের কাছে স্পষ্ট করে তুলে ধরা হলে আদালত আজ মামলা আমলে নেন। তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন।’

তিনি বলেন, ‘ঘটনার সুত্রপাত যে সোর্সদের নিয়ে তাদেরকে মামলায় রাখার আবেদন ছিল। তবে সোর্সরা নন-পুলিশ বলে আদালত তাদের রাখেননি।’

যদিও এ ঘটনায় এসআই হেলাল চাকরী থেতে সাময়িক বরখাস্ত হন ও বিভাগীয় মামলার আসামি হন। এছাড়া ডবলমুরিংয়ের ওসি সদীপ দাশকে অধীনস্থ অফিসারকে নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় শোকজ করে সিএমপি।

তথ্য সুত্র- সিভয়েস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.